চুয়েট নিউজ২৪ ডেস্কঃ
ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আগামীকাল রোববার অনুষ্ঠেয় সকল পরীক্ষা (লেভেল ও টার্ম) স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আগামীকাল (১৪ মে) অনুষ্ঠেয় সব লেভেল ও টার্মের পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগ হতে পরীক্ষার তারিখ জানানো হবে।
তবে একাডেমিক কার্যক্রম চলবে কি না, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আগামীকাল ক্লাস বন্ধ থাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সিদ্ধান্ত হলে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য ঘূর্ণিঝড় মোখা সর্বশেষ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় এটি ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৬০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৯০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে। এটি আরও উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং ১৪ মে সকাল ছয়টা হতে সন্ধ্যা ছয়টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।