ইপসিতা জাহান সুমাঃ
শীতের মৌনতা ভেঙ্গে বাংলার প্রকৃতিতে রঙ্গিন ফুলের সমারোহ নিয়ে এসেছে বসন্ত। বসন্তের আগমনে বাসন্তী সাজে সেজেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
এরই মাঝে, বসন্তকে বরণ করে নিতে চুয়েট এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল, সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব-১৪২৯, শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
১৪ই ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে ক্লাবের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উক্ত উৎসবের শুভ উদ্বোধন করেন চুয়েট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এ সময় ক্লাবের সহ-সভপতি প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মো. মামুনুর রশীদ, অর্থ সম্পাদক জনাব মো. সাইফুল আলম, ক্রীড়া সম্পাদক জনাব মো. মাসুম রানা প্রামাণিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব শায়লা শারমিন এবং সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. আজাদ হোসেন ও জনাব মো. এমরানুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিষয়ে চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন জানান,”বসন্ত উৎসব বাংলাদেশী সংস্কৃতির একটি অংশ। কোভিড পরবর্তী অবস্থায়,মানসিক শান্তিদ্বায়ক এই ধরনের প্রোগ্রাম যেকোনো কাজে উৎসাহ দেয়। এখানে পুরো উৎসবে শিক্ষক,কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দায়িত্বে নানা রকমের পিঠার সমারোহে পিঠা উৎসব পালিত হয় এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।