জিওন আহমেদঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) দ্বিতীয় বারের মত “এক্সিলেন্ট বিশ্ববিদ্যালয়” হিসেবে স্বীকৃতি দিয়েছে পুরকৌশলীদের আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই)। গতকাল ১০ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক এই সংগঠনটির অফিশিয়াল মেইল থেকে ক্যানেট এস. ওয়ার্ল্ডের পাঠানো মেইলে তথ্যটি জানানো হয়।
প্রতি বছরের মত এই বছরেও “এক্সিলেন্ট বিশ্ববিদ্যালয়” এবং “আউটস্ট্যান্ডিং বিশ্ববিদ্যালয়” এই তালিকা প্রকাশ করেছে আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট(এসিআই) । এতে স্থান পেয়েছে ভারত, পাকিস্তান, আমেরিকা, কানাডা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের মোট ৮টি বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়কে ‘এক্সিলেন্ট বিশ্ববিদ্যালয়’ এবং ৫৩টি বিশ্ববিদ্যালয়কে ‘আউটস্ট্যান্ডিং বিশ্ববিদ্যালয়’ এর মর্যাদা দিয়েছে সংগঠনটি।
এই তালিকার প্রথম ক্যাটাগরি এক্সিলেন্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) এই দুইটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে । এছাড়া দ্বিতীয় ক্যাটাগরি আউটস্ট্যান্ডিং বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)ও স্থান পেয়েছে।
শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফলতার ধারাবাহিকতা বিবেচনায় নিয়ে এসিআই এই তালিকাটি প্রদান করা হয় ।
চুয়েট এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে । প্রতিষ্ঠার ২ বছর পর ২০২০ সালে আউটস্ট্যান্ডিং বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায় চুয়েট । এরপর ২০২১ এবং ২০২২ সালে পরপর দুবার এক্সিলেন্ট বিশ্ববিদ্যালয়ের তালিকায় ধারাবাহিক স্থান পায় এই বিশ্ববিদ্যালয় ।
এসিআই আয়োজিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় চুয়েটের ধারাবাহিক সাফল্য, বিভিন্ন ওয়েবিনার, দাতব্য কার্যক্রমে চুয়েটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়া প্রোজেক্ট কম্পিটিশনের অংশ হিসেবে জয় কনক্রিট সলিউশন কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে অংশগ্রহনসহ বিগত ৫ বছরে ৬ জন স্টুডেন্ট কম্পিটিশনে অ্যাওয়ার্ড জেতার ধারাবাহিকতায় ‘এসিআই এক্সিলেন্ট বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ড-২০২২’ পেতে মূল ভূমিকা পালন করেছে বলে মনে করেছেন এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সংশ্লিষ্টরা।
এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের অনুষদ উপদেষ্টা জি এম সাদিকুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, “এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট শাখা যাত্রা করার ২ বছরের মধ্যেই প্রথমে আউটস্ট্যান্ডিং এরপর পরপর দুই বছর এক্সিলেন্ট বিশ্ববিদ্যালয়ের আওয়ার্ড পাওয়া আমাদের জন্য অনেক অনুপ্রেরনার ।”