চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট কর্মকর্তা সমিতি। তবে জরুরি সেবা ও সরকারি সেবা কার্যক্রমের আওতাভুক্ত কার্যক্রম কর্মবিরতির বাইরে থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার কর্মকর্তা সমিতির জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মকর্তা সমিতির বিবৃতিতে বলা হয়, চুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক অবস্থান ও দাবির প্রতি এবং শিক্ষক সমিতির গৃহীত সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছে। এছাড়া উপাচার্য পদে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে যে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে, তা নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পারস্পরিক মর্যাদা এবং শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার দায়িত্ব সবার। চুয়েটের সম্মানিত সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচারমাধ্যমে প্রচারিত মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্যেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কর্মকর্তা সমিতি।
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী মো. ইকরাম বলেন, “আমাদের চুয়েট একটা পরিবার। ছাত্ররা শাটডাউন কর্মসূচি পালন করছে। শিক্ষকরাও কর্মবিরতি দিয়েছেন। আমরাও তাই তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতির ঘোষণা দিয়েছি।”