ঘরে বসেই নেওয়া যাবে ক্লাস, অনলাইন মেন্টরিংয়ে টিউশনির সুযোগ মিলছে যেই ওয়েবসাইটে

ইসরাত জাহান,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বিকেল পাঁচটা। টিউশনি করাতে বের হয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। গন্তব্য খুব বেশি দূরে নয়, তবু যানজটে আটকে যেতে যেতে পেরিয়ে গেল প্রায় ৪৫ মিনিট। বাস পাওয়া যাচ্ছে না, রিকশারও দেখা নেই। শেষ পর্যন্ত যখন শিক্ষার্থীর বাসায় পৌঁছালেন, তখন পড়ানোর জন্য হাতে আছে মাত্র এক ঘণ্টা। ক্লাস শেষ করে আবার ছুটতে হবে পরের টিউশনিতে। সেখানে যাওয়ার পথেও অপেক্ষা করছে যানজট আর সময়ের হিসাব।

একটি টিউশনি করাতে গিয়ে এভাবেই প্রতিদিন কয়েক ঘণ্টা কেটে যায় অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। পড়ানোর চেয়ে যাতায়াতেই কখনো বেশি সময় ও শ্রম দিতে হয়। অথচ টিউশনি থেকে পাওয়া বাড়তি আয়টা তাঁদের অনেকেরই পড়াশোনার খরচ চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই বাস্তবতার কথা মাথায় রেখেই অনলাইনে মেন্টরিংয়ের সুযোগ নিয়ে এসেছে অনলাইন লাইভ মেন্টর-ওএলএম (OLM)। দেশের এডটেক প্ল্যাটফর্ম নন একাডেমী-এর উদ্যোগে তৈরি এই প্ল্যাটফর্মে মেন্টররা ঘরে বসেই শিক্ষার্থীদের লাইভ ক্লাস নিতে পারবেন।

ননঅ্যাকাডেমী কর্তৃপক্ষ জানায়, তাদের মেন্টর নিবন্ধন শুরু হয়েছে। বর্তমানে ওয়েবসাইটের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপও চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ননঅ্যাকাডেমী আরও জানায়, গত দুই বছর ধরে ওএলএম এর এই ব্যবস্থা নিয়ে কাজ করছে তারা। এর মাধ্যমে মেন্টরদের যাতায়াতের সময় ও খরচ কমানোর পাশাপাশি একই সময়ে আরও বেশি শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ তৈরি হবে।

প্ল্যাটফর্মটিতে লাইভ ভিডিও কল, ডিজিটাল হোয়াইটবোর্ড ও ক্লাস রেকর্ডিংয়ের সুবিধা থাকবে। ফলে ক্লাস নেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় উপকরণ ব্যবস্থাপনা – সবকিছু করা যাবে একই প্ল্যাটফর্মে।

টিউশনি করেন কিংবা কোনো বিষয়ে ভালো দখল রয়েছে – এমন ব্যক্তিরা ওএলএম এ মেন্টর হিসেবে নিবন্ধন করতে পারবেন। নিজের সুবিধামতো সময়ে ঘরে বসে ক্লাস নেওয়ার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগও থাকছে।

তবে মেন্টর নিবন্ধন শুরু হলেও শিক্ষার্থীদের নিবন্ধন এখনো শুরু হয়নি। তবে শিগগিরই শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মেন্টর হিসেবে নিবন্ধন করতে ভিজিট করতে হবে olm.bd ওয়েবসাইটে।