ক্যাম্পাসে সিভি জমা দিয়ে চাকরির প্রতিযোগিতায় চুয়েট শিক্ষার্থীরা

তানভীর আহমাদ ও ইবাদ হোসেন :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাস্কেটবল মাঠজুড়ে যেন এক ভিন্নধর্মী আয়োজন। চারপাশে সাজানো নানা প্রতিষ্ঠানের স্টল, মানুষের প্রাণচঞ্চল উপস্থিতি আর উৎসবের আমেজে মুখর পুরো এলাকা। প্রথম দেখায় এটিকে সাধারণ কোনো মেলা মনে হলেও এখানে নেই কোনো কেনাবেচার আয়োজন। বরং মাঠজুড়ে স্থান পাওয়া ১২টি স্টলে অবস্থান নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো। চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা ঘুরে ঘুরে জানছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা, কেউ আবার হাতে থাকা সিভি জমা দিচ্ছেন সম্ভাব্য নিয়োগদাতাদের কাছে। ১৩ জুন (শনিবার) চুয়েট ক্যারিয়ার ক্লাব আয়োজিত “ক্যারিয়ার ফেস্ট-২০২৬”- এর চাকরি মেলায় গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

গত ১২ জুন চুয়েটে শুরু হওয়া দুদিনব্যাপী এ উৎসবে আজ দ্বিতীয়দিন শুরু হয় উৎসবের অন্যতম আকর্ষণ চাকরি মেলার মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে বসে দেশসেরা কোম্পানিসমূহের স্টল। বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি নিয়োগদাতাদের সাথে সরাসরি সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। একই সাথে সুযোগ- সুবিধাও পর্যালোচনা করেন।

এর আগে গতকাল উৎসবের উদ্বোধন হয় র‍্যালির মাধ্যমে। এরপর ২৩ টি দল এবং ৬৩ এর অধিক প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হয় কেস কম্পিটিশন প্রতিযোগিতা- প্রেজেন্টএক্স। এছাড়াও বিসিএস কিংবা ব্যাংক জব নিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার।

চাকরি মেলায় আগত শিল্প প্রতিষ্ঠান এন মোহাম্মদ গ্রুপ এর ব্র‍্যান্ড প্রতিনিধি সজীব চৌধুরী বলেন, “আজকের এই চাকরি মেলার পরিবেশ অসাধারণ । প্রকৌশল শিক্ষার্থীদের মাঝে স্বস্তিদায়ক অনুভব করছি এবং ভালো সাড়া পাচ্ছি।একটা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে এরকম আয়োজন আসলেই অসাধারণ। এ পর্যন্ত যথেষ্ট ভালো সিভি পেয়েছি। আশা করি প্রতিষ্ঠানটি যথাযথ ভাবেই সিভিগুলো মূল্যায়ন করবে।”

বিএসআরএম প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রতিভা অন্বেষণ বিভাগের প্রতিনিধি তানভীনা শাহরিয়ার ও সানজিনা চৌধুরী বলেন , “বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব হিসেবে আয়োজনটি যথেষ্ট ভালো এবং আমাদের প্রয়োজনীয় সকল সুবিধাই পাচ্ছি । যারা স্নাতক সম্পন্ন করেছে, তারা যেনো আরো বেশি অংশগ্রহণ করে সেজন্য তাদের আহবান জানাই।”

এদিকে সিভি জমা দিতে আসা বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম ইসলাম চুয়েটনিউজ২৪ কে জানান, “অনেকগুলো কোম্পানি ক্যাম্পাসে এসেছে এবং সিভি জমাদানের সুযোগ করে দিয়েছে -ব্যাপারটি দারুণ লাগছে। ভারতীয় থ্রি-ইডিয়টস মুভির মত একরকম অনুভূতি হচ্ছে। তবে প্রতিষ্ঠানগুলো চাকরির সুযোগের ক্ষেত্রে কতটা পরিমাণ সাড়া দেয় এটাই দেখার বিষয়। “

সার্বিক আয়োজন সম্বন্ধে জানতে চাইলে চুয়েট ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক অংকন চৌধুরী জানান,”এখানে অংশ নিয়ে শিক্ষার্থীরা কর্পোরেট পর্যায়ে সফল মানুষদের সান্নিধ্যে আসার সুযোগ পায়। এতে করে তারা তাদের ক্যারিয়ারের দিক নির্দেশনাও পেতে পারে। পাশাপাশি অনেক কিছু শিখতে পারে। আমরা আমাদের পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানাই এ উৎসব আয়োজনে সহায়তা করার জন্য।”

উল্লেখ্য,১৩ জুন বিকালে উচ্চতর গবেষণা, উদ্যোক্তা হওয়ার উপায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সেমিনার,সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দুদিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।