মো: মিসবাহ উদ্দিন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ ১২ জুন (শুক্রবার) শুরু হয়েছে দুইদিনব্যাপী ‘চুয়েট ক্যারিয়ার ফেস্ট ২০২৬’। চুয়েট ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠান চলবে আগামীকাল ১৩ জুন পর্যন্ত। উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য থাকছে ক্যারিয়ার গঠনে সহায়ক একাধিক সেশন ও কার্যক্রম।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রথমদিনের আয়োজনে রবি-আজিয়াটা লিমিটেড এর পক্ষ থেকে টেকনিক্যাল সেশন, বিসিএস ও ব্যাংকে চাকরির প্রস্তুতি এবং উদ্যোক্তা হওয়ার উপায় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা ‘প্রেজেন্টএক্স’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ২৩টি দলের মোট ৬৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
উৎসবের দ্বিতীয় দিন শুরু হবে অন্যতম আকর্ষণ চাকরি মেলার মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বসবে দেশসেরা ১২ টি কোম্পানির স্টল। এতে ভবিষ্যত চাকরিপ্রার্থীরা সরাসরি সিভি দিতে পারবেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি নিয়োগদাতাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে সুযোগ-সুবিধা পর্যালোচনা করতে পারবেন।
এছাড়া একই দিনে উচ্চতর গবেষণা এবং কর্পোরেট চাকরি নিয়ে থাকবে আলাদা সেমিনার। সবশেষে পুরস্কার বিতরণী উৎসবের মাধ্যমে পর্দা নামবে এ উৎসবের।
উৎসবে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস ও ম্যাটালার্জিক্যাল বিভাগের শিক্ষার্থী আন্দালিব হোসাইন গালিব চুয়েটনিউজ২৪কে জানান, “এ উৎসবে বিভিন্ন সেশনে অংশ নেওয়া ব্যক্তিত্বরা তুলে ধরেন তাদের জীবন ও ক্যারিয়ারের গল্প। তাদের এ গল্পসমূহ আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে। আমরা বিশ্ববিদ্যালয়ে থেকেই কর্পোরেট জগতের অনেক কিছু জানতে পারছি। আমাদের ভবিষ্যত জীবনে এ বিষয়গুলো বেশ ভালো ভূমিকা রাখবে বলে মনে করি।”
চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি দিব্য জ্যোতি ঘোষ বলেন, “চুয়েট ক্যারিয়ার ক্লাব সবসময় শিক্ষার্থীদেরকে ইন্ডাস্ট্রি এবং কর্পোরেট জগতে যুক্ত করতে চেষ্টা চালিয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজনে চাকরি মেলা, টেকনিক্যাল সেশন, বিসিএসসহ বিভিন্ন চাকরির প্রস্তুতি নিয়ে সেমিনার আয়োজিত হচ্ছে। এছাড়া গতকাল হুয়াওয়ে থেকে টেকনিক্যাল সেশন এবং চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি, এ আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেবে। “
চুয়েট ক্যারিয়ার ক্লাব এর প্রধান উপদেষ্টা যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক বলেন, “চুয়েট ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত ক্যারিয়ার ফেস্ট ২০২৬ সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের শিক্ষার্থী, অ্যালামনাই ও বিভিন্ন ইন্ডাস্ট্রির মেলবন্ধন হয়েছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার সম্পর্কে একটি দিকনির্দেশনা পাবে। আগামীকাল চাকরি মেলায় অনেকগুলো কোম্পানি আসছে, তাদের সাথেও আমাদের শিক্ষার্থীদের যোগাযোগ হবে। আশা করি এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য সহায়ক ও ফলপ্রসূ হবে।”
সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, “চুয়েট ক্যারিয়ার ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট ২০২৬ অনুষ্ঠানে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবছর প্রায় ১৭টি কোম্পানি ক্যারিয়ার ফেস্ট এ অংশ নিচ্ছেন। এতে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে, চুয়েট সবার কাছে পরিচিত হচ্ছে। আমি চুয়েট প্রশাসনকে এধরনের আয়োজনে আরো বেশি সহায়তা করতে আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, ক্যারিয়ার ফেস্ট এর মূল আনুষ্ঠানিকতা আজ শুরু হলেও গত ১১ জুন (বৃহস্পতিবার) চীনের বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে চুয়েট শিক্ষার্থীদের নিয়ে একটি টেকনিক্যাল সেশন এবং চাকরি পরীক্ষার আয়োজন করে।