স্টেম থেকে স্টিম: আধুনিক বাংলাদেশের পথে সমন্বিত শিক্ষা বিপ্লব

মিজানুল এইচ চৌধুরী,
প্রতিষ্ঠাতা, STEMX365
বিজ্ঞানী, এমআইটি জিরো রোবোটিক্স, যুক্তরাষ্ট্র
এবং
অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, সাবেক উপাচার্য,
চুয়েট,কুয়েট ও ইউএসটিসি

বাংলাদেশ দ্রুত বদলে যাওয়া এক বিশ্বের সামনে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও অটোমেশন আমাদের কাজ, শিক্ষা ও জীবনের ধরণকে নতুনভাবে গড়ে দিচ্ছে। এই বাস্তবতায় শুধু মুখস্থনির্ভর শিক্ষা দিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। তাই প্রয়োজন এমন একটি শিক্ষা ব্যবস্থা, যা শিক্ষার্থীদের চিন্তা করতে শেখায়, সমস্যার সমাধান করতে শেখায় এবং প্রযুক্তির সঙ্গে কাজ করার সক্ষমতা গড়ে তোলে। এই জায়গায় গুরুত্ব পাচ্ছে STEM–STEAM শিক্ষা।

STEM বলতে বোঝায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের সমন্বিত শিক্ষা। এর সঙ্গে যখন শিল্পকলা বা Arts যুক্ত হয়, তখন সেটি হয়ে ওঠে STEAM। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা কেবল বইয়ের তথ্য মুখস্থ করে না; বরং বাস্তব সমস্যাকে সামনে রেখে প্রকল্প তৈরি করে, পরীক্ষা–নিরীক্ষা চালায় এবং নতুন সমাধান খুঁজে বের করার চেষ্টা করে। এর ফলে তাদের মধ্যে একদিকে যেমন বিশ্লেষণী দক্ষতা তৈরি হয়, অন্যদিকে বাড়ে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা।

বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, বিগ ডেটা, ভার্চুয়াল রিয়ালিটি বা অটোমেশনের মতো প্রযুক্তি শিল্প ও অর্থনীতিকে দ্রুত বদলে দিচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের মতে, ২০৩০ সালের মধ্যে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে প্রায় ৮০০ মিলিয়ন মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে, বিশেষ করে কম দক্ষ শ্রমনির্ভর খাতগুলোতে।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের এমন দক্ষতা অর্জন করতে হবে, যা ভবিষ্যতের কর্মক্ষেত্রে প্রয়োজন হবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, প্রয়োজন ডিজিটাল দক্ষতা, সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নতুন প্রযুক্তির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সামর্থ্য।

বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে এই বাস্তবতা মাথায় রেখে তাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনেছে। ফিনল্যান্ড, সুইডেন ও ডেনমার্কের মতো স্ক্যান্ডিনেভীয় দেশগুলো প্রাথমিক স্তর থেকেই শিক্ষায় রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করেছে। ছোট বয়সেই শিক্ষার্থীরা প্রযুক্তির সঙ্গে কাজ করা শিখছে, প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং বাস্তব সমস্যার সমাধান খুঁজতে অভ্যস্ত হয়ে উঠছে।

শিক্ষার এই নতুন ধারায় বিভিন্ন বিষয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি হচ্ছে। যেমন কম্পিউটিং ও জীববিজ্ঞানের সমন্বয়ে জিনোম বিশ্লেষণ এখন আগের তুলনায় অনেক দ্রুত ও সহজ হয়েছে। আবার সেন্সর প্রযুক্তি ও মেশিন লার্নিং ব্যবহার করে ক্রীড়াবিদদের পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে। অর্থাৎ ভৌত জগত, ডিজিটাল প্রযুক্তি ও জীববিজ্ঞানের মধ্যে একটি নতুন ধরনের সংযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশের জন্যও এই পরিবর্তনের সুযোগ রয়েছে। ইতোমধ্যে দেশের কিছু শিক্ষার্থী আন্তর্জাতিক মহাকাশ গবেষণা ও রোবটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের নজির দেখিয়েছে। এসব উদ্যোগ প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে অবদান রাখতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়জুড়ে STEM–STEAM শিক্ষাকে আরও বিস্তৃত করতে হবে। শিক্ষাকে করতে হবে আরও ব্যবহারিক, প্রকল্পভিত্তিক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক।

কারণ একটি স্মার্ট, উদ্ভাবনী ও টেকসই বাংলাদেশের ভিত্তি তৈরি হবে আজকের শিক্ষার্থীদের হাত ধরেই। আর সেই ভবিষ্যৎ গড়ে তুলতে STEM–STEAM শিক্ষা হতে পারে সবচেয়ে শক্তিশালী পথ।