টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে দেশে চতুর্থ চুয়েট

ফাইয়াজ কৌশিক ও নাজমুল কবির সিয়ামঃ-

আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ স্থান পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এবারের তালিকায় বিশ্ববিদ্যালয়টির র‍্যাংকিং এ অবস্থান ৫০১-৬০০ অবস্থান এর মধ্যে।

র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে চুয়েট। একই স্থানে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।

দেশের তালিকায় সবার ওপরে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এশিয়ার র‍্যাঙ্কিংয়ে এই দুই প্রতিষ্ঠানের অবস্থান ৩০১-৩৫০ এর মধ্যে। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি, যাদের অবস্থান ৩৫১-৪০০ ব্যান্ডে। অন্যদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪০১-৫০০ এর মধ্যে থেকে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে।

চুয়েটকে পাঁচটি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ৩০.৯ থেকে ৩৩.৬ এর মধ্যে। পৃথক সূচকে গবেষণার মানে সর্বোচ্চ ৬৬ পয়েন্ট অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া আন্তর্জাতিক সংযোগে ৩২, শিল্প খাতে অবদানে ২৩.১, শিক্ষাদানে ১৬.৪ এবং গবেষণা পরিবেশে ১৪.২ পয়েন্ট পেয়েছে চুয়েট।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া চুয়েটনিউজ২৪ কে বলেন, “র‍্যাঙ্কিংয়ে আরও এগিয়ে যেতে আমরা নিয়মিত কাজ করছি। শিক্ষকরা সহযোগিতা করছেন। প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। গবেষণার বাজেটও বাড়ানো হয়েছে। আশা করি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরও ভালো অবস্থানে যেতে পারব।”

এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন-এর বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়েও জায়গা করে নেয় চুয়েট। সে সময় কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল এবং ফলিত বিজ্ঞান বিষয়ে বিশ্ব তালিকায় স্থান পায় বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এ চুয়েটের অবস্থান ১২০১-১৫০০ এর মধ্যে ।