নাজমুল হাসানঃ
শিক্ষার্থীদের আক্রমণ গুঁড়িয়ে যাচ্ছে গোল পোস্টের সামনে দাঁড়ানো শিক্ষকদের রক্ষণ দেওয়ালে কিংবা, শিক্ষকদের আক্রমণ প্রতিহত হচ্ছে শিক্ষার্থীদের করা ট্যাকলে। এভাবেই টানটান উত্তেজনা নিয়ে চলছিলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের (ইইই) শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যবর্তী ফুটবল ম্যাচ। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোল ব্যবধানে জয় লাভ করে শিক্ষার্থীরা। এমনকি ম্যাচের একমাত্র গোলটিও ছিলো আত্মঘাতী।
আগামী ৯ এবং ১০ নভেম্বর চুয়েটে আয়োজিত হতে যাচ্ছে ইইই দিবস। দিবসের এবারের নাম দেওয়া হয়েছে “ইলেক্ট্রিক্যাল সার্জ-২.০”। এ উপলক্ষে আয়োজিত হয়েছিল উক্ত ফুটবল ম্যাচটি।
ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুর মোহাম্মদ। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় আকাশে একটি ফানুস উড়িয়ে দেয় বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
খেলা নিয়ে “ইলেক্ট্রিক্যাল সার্জ-২.০” এর আহ্বায়ক অধ্যাপক ড. নিপু কুমার দাস বলেন, বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমরা ফুটবল ম্যাচটি আয়োজন করি। আশা করি এরকম খেলাধুলার মাধ্যমে আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদের দূরত্ব কমে আসবে। আগামীতে আমরা আরো বৃহত্তর পরিসরে এরকম আয়োজন গুলো করতে চাই।