চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে ১২টায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম শহরের আরও দুইটি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হয়।
চুয়েটের পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ১২টি বিভাগে মোট আসন রয়েছে ৯৩১টি। এর বিপরীতে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ১৩,৯৪২ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। আজ পরীক্ষায় প্রায় ১২০৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের ৫০০ নম্বরের লিখিত পরীক্ষার পাশাপাশি অংশগ্রহণ করে ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায়।
ভর্তি পরীক্ষার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঢাকার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী অপূর্ব হাসান চৌধুরী বলেন,”পরীক্ষাকেন্দ্র ও আসন বিন্যাস খুঁজে পেতে স্বেচ্ছাসেবকরা আন্তরিকভাবে সাহায্য করেছেন। পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। গণিত ও ইংরেজি প্রশ্ন সহজ ছিল। সবমিলিয়ে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। চুয়েটের পরিবেশটা অনেক সুন্দর। সবকিছু অনেক উপভোগ করেছি।”
চুয়েটের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন চুয়েটনিউজ২৪ কে বলেন, আমাদের প্রস্তুতি ভালো ছিল। তেমন কোনো সমস্যা হয় নি। সব কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবগুলো কেন্দ্র মিলিয়ে প্রায় ৮৭% শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবস্থাপনায় বেশ সহযোগিতা করেছে। যতদ্রুত সম্ভব বাকি কাজগুলো সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে প্রকৌশল গুচ্ছের অধীন কুয়েট, রুয়েট ও চুয়েটের ভর্তি পরীক্ষা একসঙ্গে নেওয়া হতো। এরপর পরপর তিন শিক্ষাবর্ষেও তিন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু গতবার প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে চুয়েট কর্তৃপক্ষ। গত বছরের ধারাবাহিকতায় এবারও চুয়েট এককভাবে পরীক্ষার আয়োজন সম্পন্ন করেছে। পরীক্ষার ফলাফল বা মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ জানুয়ারি (শনিবার)।