অনুরাশা রাফানা:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই দিনব্যাপী জাতীয় গবেষণা ও উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতা ‘সাইব্লিজ ২.০’ শুরু হয়েছে আজ। চুয়েট আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।
দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েট, কুয়েট, সাস্ট, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়সহ মোট ৫২টি বিশ্ববিদ্যালয়ের ১১০০ এর অধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় নিবন্ধন করেছেন।
এবারের আসরে প্রতিযোগিতার চারটি সেগমেন্ট রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে তিন মিনিট থিসিস, স্টেমবি, এআই হ্যাকাথন এবং প্রজেক্ট শোকেজিং।
শুক্রবার আয়োজনের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে স্টেমবি, এআই হ্যাকাথন এবং প্রজেক্ট শোকেজিং। এই তিনটি সেগমেন্টের চূড়ান্ত পর্বে ২৩০ জন ফাইনালিস্ট অংশ নিচ্ছেন। বিকেলে অনুষ্ঠিত হয়েছে দুটি কী-নোট সেশন, যেখানে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।
শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনে অনুষ্ঠিত হবে তিন মিনিট থিসিস এর চূড়ান্ত পর্ব। গত বছর বাংলাদেশের জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতার সূচনা করে চুয়েট আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ। এবারের চূড়ান্ত পর্বে ৬০টি দলের ১৬৯ জন প্রতিযোগী অংশ নেবেন। এছাড়াও দ্বিতীয় দিন আরও অনুষ্ঠিত হবে পাঁচটি কী-নোট সেশন । সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে ‘সাইব্লিজ ২.০’ এর। এবারের আসরে মোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার টাকারও বেশি।
হ্যাকাথন প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ফাহিম বিন জামান বলেন, ‘আয়োজক কমিটি পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে। এমন আয়োজনে অংশ নিতে পেরে বেশ ভালো লাগছে।’
আরেক শিক্ষার্থী চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সমন্বিতা সরকার বলেন, “আজ সাইব্লিজ এআই হ্যাকাথন এ আমাদের প্রথম প্রেজেন্টেশন ছিল। শুরুর আগে একটু নার্ভাস ছিলাম, কিন্তু প্রোগ্রামের আমেজে ঢুকতেই সেই জড়তা কেটে গেল। বাকি সময়টা বেশ উপভোগ করেছি।”
চুয়েট আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি মো: ইনজামাম উল হক সিয়াম চুয়েটনিউজ২৪ কে বলেন, “গতবছর বাংলাদেশে প্রথমবারের মতো তিন মিনিট থিসিস কম্পিটিশন জাতীয় পর্যায়ে আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় সাইব্লিজ এর।
আমরা মোট ৯টি টিমকে প্রাইজমানি দেয়ার মাধ্যমে যারা গবেষণা করে তাদের জন্য ফান্ডিং এর খুবই সুবর্ণ একটি সুযোগ করে দিচ্ছি। আমাদের আয়োজিত এই তিন মিনিট থিসিস কম্পিটিশন শুধুমাত্র ৪র্থ বর্ষের রিসার্চাদের জন্য না বরং গবেষণার আইডিয়া আছে এমন সবার জন্যই আয়োজন করা। তাই গবেষণায় আগ্রহী সবার জন্যই একটি পার্ফেক্ট গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে।”
উল্লেখ্য, আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে শিস্টেম এবং কারিগরি সহযোগী হিসেবে রয়েছে আইইইই বাংলাদেশ সেকশন।