চুয়েটে হয়ে গেল বগুড়ার ঐতিহ্যবাহী দই উৎসব

চুয়েটনিউজ২৪ডেস্ক:

দেশের আঞ্চলিক খাদ্য ঐতিহ্যের অন্যতম পরিচিত নাম বগুড়ার দই। সেই ঐতিহ্যের স্বাদ ও সংস্কৃতিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পৌঁছে দিতে আয়োজিত হয়ে গেল ‘দই ফেস্ট ২.০’।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ উৎসবের আয়োজন করে বগুড়া স্টুডেন্ট ফোরাম, চুয়েট। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এ উৎসব। এতে উপস্থিত ছিলেন চুয়েটের পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মো. নাদিম মাহামুদ নবিন।

উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও বগুড়ার ঐতিহ্যবাহী দইয়ের স্বাদ উপভোগ করতে ভিড় করেন। দুপুরের পর শুরু হয় প্রি-অর্ডারের দই বিতরণ।

এদিকে, উৎসবের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগও নিয়েছে সংগঠনটি। আয়োজন থেকে অর্জিত অর্থ বন্যাদুর্গত মানুষের কল্যাণে ব্যয় করা হবে বলে জানিয়েছে সংগঠনটির সদস্যরা।

এ বিষয়ে বগুড়া স্টুডেন্ট ফোরামের সভাপতি চুয়েটের তড়িৎকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসাইন বলেন, “বগুড়ার দই আমাদের জেলার ঐতিহ্য, গর্ব ও পরিচয়ের অন্যতম প্রতীক। সেই ঐতিহ্যকে চুয়েট পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই বগুড়া স্টুডেন্টস ফোরাম-এর উদ্যোগে ‘দই ফেস্ট ২.০’-এর আয়োজন করা হয়। সবার আন্তরিক অংশগ্রহণে আয়োজনটি সফল হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই আয়োজন থেকে অর্জিত সম্পূর্ণ লাভের অর্থ বগুড়া স্টুডেন্টস ফোরাম-এর মানবিক কার্যক্রমের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের কল্যাণে ব্যয় করা হবে।”

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল ‘দই ফেস্ট ১.০’। সেই আয়োজনে ইতিবাচক সাড়া মেলায় এবার আবারও অনুষ্ঠিত হলো এ উৎসবের।