৩ দিনের ভারী বর্ষণে চুয়েটে দেবে গেল সড়ক

চুয়েটনিউজ২৪ডেস্ক:

টানা তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অভ্যন্তরীণ সড়কের একটি অংশ প্রায় দেড় ফুট দেবে গেছে। এতে ওই সড়কে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনের সড়কের একটি অংশে বড় ধরনের ধস নেমে প্রায় দেড় ফুট নিচে বসে গেছে। ধসে সড়কে ফাটলও সৃষ্টি হয়েছে। সড়কের ওই অংশের নিচ দিয়ে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট রয়েছে। ঝুঁকি এড়াতে ধসে পড়া অংশটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি রাতে চলাচলকারীদের সতর্ক করতে সেখানে বৈদ্যুতিক বাতি লাগিয়ে দেওয়া হয়েছে।

পানিসম্পদ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, “সড়কটি আমাদের হলসংলগ্ন হওয়ায় হল থেকে বের হতে বা ক্যাম্পাসের অন্যান্য স্থানে যেতে এটিই মূল পথ। বিকল্প সড়ক দিয়ে যেতে হলে অনেকটা ঘুরে যেতে হয়। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নিবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, এখানে আসলে বড় ধরনের কাজ করা লাগবে। এখন বৃষ্টির কারণে এটা করা সম্ভব হবে না। বৃষ্টি থামলে দেখতে হবে এটা কোন পর্যায়ে আছে। আগে নিশ্চিত হতে হবে ভিতরের পোলটি ঠিক আছে কিনা ,যদি পোলটি ভেঙ্গে না যেয়ে থাকে তাহলে মাটি দিয়ে ভরাট করে কাজটি খুব দ্রুতই শেষ করা যাবে । আর যদি পোল বা ভিত্তিস্তর ভেঙ্গে যায় তবে নতুন করে চিন্তা করতে হবে এটা নিয়ে । তবে এটা নিয়ে প্রশাসন চিন্তা করছে কীভাবে খুব দ্রুত সংস্কার করা যায় যেহেতু এখান দিয়ে প্রায় ৩/৪ টা ছাত্রাবাসের শিক্ষার্থীরা যাতায়াত করে।”