চুয়েটনিউজ২৪ডেস্ক:
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সকল লেভেল ও টার্মের ক্লাস স্থগিত ঘোষণা করেছে। ৮ জুলাই (বুধবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সার্বিক অবস্থা বিবেচনায় ৮ জুলাই উপাচার্যের সভাপতিত্বে সকল ডিন, পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান এবং অফিস প্রধান এর সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে ৮ এবং ৯ জুলাই এর সকল বিভাগের সকল লেভেল ও টার্মের ক্লাস বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ০৭ জুলাই (মঙ্গলবার) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী লেভেল-১, টার্ম-২ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বহাল থাকবে। তবে ইতঃপূর্বে ঘোষিত অন্যান্য লেভেল ও টার্মের পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট বিভাগগুলো নিজ উদ্যোগে গ্রহণ করবে।
স্থাপত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চিরন্তন কুমার সরকার বলেন, “প্রশাসনের উচিত আরও দ্রুত সিদ্ধান্ত নেওয়া। কারণ আগ মুহূর্তে নেওয়া সিদ্ধান্তের কারণে বিশেষ করে শহরের ছাত্রদের এ বৃষ্টিতে অনেক সময় হিমশিম খেতে হয়। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে প্রশাসনের আরও দ্রুত হওয়া উচিত।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “আবহাওয়া পরিস্থিতি এরুপ থাকলে ছুটি বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে । তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল কিংবা শুক্রবার থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এবং সেই অনুযায়ী আগামী রবিবার থেকে আমাদের সকল একাডেমিক কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু হবে বলে আশা করছি।”
উল্লেখ্য, ৩ দিনের টানা বর্ষণে জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়েট ক্যাম্পাস। ফলে আজ বেশিরভাগ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস করেননি। পরবর্তীতে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবার অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস স্থগিত করা হয়েছে।