ইবাদ হোসেন:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান প্রতিষ্ঠান ‘প্রদীপ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম রাব্বানী নোবেল এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী প্রণয় ঘোষ।
গত ৭ আগস্ট (বুধবার) অনলাইনে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২৭ মেয়াদের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের বস্তু ও ধাতব কৌশল (এমএমই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং একই বিভাগের প্রভাষক মো. সাইফ হাসান। এছাড়া ‘প্রদীপ’-এর সূচনাকালীন সদস্য ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জুবায়ের আল ইবাদ এবং বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (এসসিএম) বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আকাশ মঞ্জুর উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোহাব্বত এবং সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ।
কমিটিতে সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে মো. মনন হক, সহ-সভাপতি (একাডেমিক বিষয়ক) হিসেবে সুমাইয়া সিদ্দিকা রিফা এবং সহ-সভাপতি (লজিস্টিকস) হিসেবে দেওয়ান শেখ ওসামা দায়িত্ব পেয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইয়াছিন রহমান ও মো. ফালাদুন ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে এম. আরেফ রেহমান নিউরন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে মো. মাহি ইসলাম দায়িত্ব পালন করবেন। অর্থ সম্পাদক হিসেবে নাজমুস সাকিব নাবিল, যুগ্ম অর্থ সম্পাদক হিসেবে শাহরিয়ার হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে আসাদুল্লাহ গালিব এবং যুগ্ম দপ্তর সম্পাদক হিসেবে হুজায়ফা তাহসিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিজাইন ও ইলাস্ট্রেশন সম্পাদক হিসেবে লাইবা তাবাসসুম, নারী বিষয়ক সম্পাদক হিসেবে হাফসা হক তৃপ্তি ও সাদিয়া জাহান সূচনা, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক হিসেবে সৈয়দ আহনাফ উদ্দিন এবং যুগ্ম সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক হিসেবে রাফি সুইম দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি চুয়েটনিউজ২৪ কে জানান,
"প্রাথমিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আমাদের এই পথচলা শুরু হলেও ভবিষ্যতে তাদের চিকিৎসা সহায়তায় মেডিক্যাল ক্যাম্প, প্রয়োজনীয় শিক্ষা-সামগ্রী ও অন্যান্য সহায়তা এবং কারিগরি শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে তাদের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। চুয়েট পরিবারের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এগিয়ে এলে আমরা এসব শিশুদের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ করে দিয়ে তাদের জীবনকে একটি সম্ভাবনাময় ও স্বাবলম্বী পথে নিয়ে যেতে পারব। একটি শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে না গিয়ে শিক্ষা, দক্ষতা ও সহায়তার মাধ্যমে একটি সুন্দর জীবনের দিকে এগিয়ে যাক - এটাই আমাদের মূল লক্ষ্য।"
প্রসঙ্গত, ‘প্রদীপ’ ২০১৭ সালে চুয়েটের শিক্ষার্থীদের উদ্যোগে বঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান ও শিক্ষার প্রতি আগ্রহ তৈরিতে কাজ করে আসছে। বর্তমানে চুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে তাদের পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।