চুয়েটনিউজ২৪ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৯টি সংগঠনকে এক বছরের জন্য কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান এবং ‘ক্লাব/সংগঠন পরিচালনা নীতিমালা চুয়েট-২০২৬’-এর আলোকে যেসব ক্লাব তাদের আবেদন ও গঠনতন্ত্র দাখিল করেছে, সেগুলো পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনা শেষে ২০ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী এক বছরের জন্য এসব সংগঠনকে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হয়েছে।
অনুমোদন পাওয়া ১৯টি সংগঠন হলো—চুয়েট ক্যারিয়ার ক্লাব, আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ, চুয়েট ফিল্ম সোসাইটি, অ্যান্ড্রোমেডা স্পেস অ্যান্ড রোবটিক্স রিসার্চ অর্গানাইজেশন (অ্যাসরো), রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন (আরএমএ), চুয়েট কম্পিউটার ক্লাব, হাউস অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার, এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার, সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস অ্যালায়েন্স চুয়েট, চুয়েট ক্যাড সোসাইটি, প্রদীপ, টিম ব্লিটজার চুয়েট, প্ল্যানিং ক্লাব, চুয়েট অটোমোটিভ অ্যান্ড মোবিলিটি সোসাইটি (ক্যামস), চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটি, চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি (চুয়েটপিএস), চুয়েট ফিটনেস ক্লাব এবং চুয়েট সাংবাদিক সমিতি (চুয়েটজেএ)।
এদিকে, তালিকায় স্থান না পাওয়া সংগঠনগুলোর বিষয়ে বিজ্ঞপ্তিতে আলাদাভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এসব সংগঠনের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, “আমাদের কাছে যেসব ক্লাব আবেদন দাখিল করেছে, তাদের সবাইকে অনুমতি প্রদান করা হয়েছে। অনেকে হয়তো এখনো আবেদন করেনি। তারা যদি আমাদের কাছে অনুরোধ করে, তাহলে তাদের আবেদনও পুনরায় বিবেচনা করার সুযোগ রয়েছে।”
আবেদন দাখিল করেনি এমন ক্লাবগুলোর কার্যক্রম পরিচালনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা এই ক্লাবসমূহের আবেদনের প্রেক্ষিতে কার্যক্রম পরিচালনার ব্যাপারটিকে এখন পর্যন্ত ইতিবাচক দেখছি। সবাই চুয়েট পরিবারেরই অংশ। আশা করছি, সবাই রেজিস্ট্রেশন করে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক নিজ নিজ ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।”