ইবাদ হোসেন:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী ১৭ জানুয়ারি (শনিবার) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষা হল ও কক্ষ খুঁজে পেতে যে ভোগান্তি তৈরি হয়, তা দূর করতে চুয়েট শিক্ষার্থীদের উদ্যোগে চালু হয়েছে নতুন মোবাইল অ্যাপ “চুয়েট পাথ ফাইন্ডার”।
রোবটিক চর্চা ও গবেষণামূলক সংগঠন রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন (আরএমএ) এর তত্ত্বাবধানে অ্যাপটি তৈরি ও চালু করা হয়। এই অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা শুধুমাত্র নিজেদের রোল নম্বর প্রবেশ করিয়ে অথবা প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র নির্বাচন করে তাৎক্ষণিকভাবে ম্যাপে নির্ধারিত পরীক্ষা হল ও কক্ষের সঠিক অবস্থান জানতে পারবেন। ফলে পরীক্ষার দিনে অযথা দুশ্চিন্তা কমবে এবং সময় সাশ্রয় হবে।
অ্যাপটির বিশেষ সুবিধার মধ্যে রয়েছে – এটি ইন্টারনেট ছাড়াই ব্যবহারযোগ্য। একবার ম্যাপ ডাউনলোড করলেই অফলাইনে সেবা পাওয়া যাবে। অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এতে কোনো ধরনের রেজিস্ট্রেশন বা লগইনের প্রয়োজন নেই।
উল্লেখ্য, এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগটির বাস্তবায়নে কাজ করেছেন চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের (সিএসই) ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিনহাজ আলী চৌধুরী। তার প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে আরএমএ পরীক্ষার্থীদের একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যার কার্যকর সমাধান উপস্থাপন করতে সক্ষম হয়েছে।