আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করল আইইইই চুয়েট

চুয়েটনিউজডেস্ক২৪:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ ‘আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। গত ৩০ ডিসেম্বর (শনিবার) ঢাকায় অনুষ্ঠিত আইইইই বাংলাদেশ সেকশন সম্মাননা ও পুরস্কার প্রদান সন্ধ্যা -২০২৫ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।

বিশ্বের বৃহত্তম প্রযুক্তিভিত্তিক পেশাজীবী সংগঠন আইইইই (Institute of Electrical and Electronics Engineers) প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা, শিক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ড উন্নয়নের মাধ্যমে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সারা বিশ্বে সক্রিয় স্টুডেন্ট ব্রাঞ্চগুলোর সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। সেই মূল্যায়নের আলোকে বাংলাদেশের ৬১টি আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের মধ্য থেকে আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করে।আইইইই বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূইয়ান এবং আইইইই বাংলাদেশ সেকশনের ট্রেজারার সোহেল রানার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের প্রতিনিধিরা।

মূলত নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধারাবাহিকভাবে মানসম্মত কর্মসূচি বাস্তবায়ন, সদস্য সংখ্যা বৃদ্ধি ও সদস্য ধরে রাখার কার্যকর কৌশল গ্রহণ এবং একাডেমিক ও পেশাগত ক্ষেত্রে সুস্পষ্ট ও বাস্তব প্রভাব সৃষ্টি করতে সক্ষম স্টুডেন্ট ব্রাঞ্চগুলোকে এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে।

২০২৫ সালে আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ মোট ৮৫টি কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে ছিল ৫৮টি টেকনিক্যাল, ১৮টি নন-টেকনিক্যাল, ৪টি প্রফেশনাল, ৩টি প্রশাসনিক এবং একটি মানবকল্যাণমূলক কার্যক্রম। পাশাপাশি প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে STEM-ভিত্তিক কর্মসূচিও বাস্তবায়ন করা হয়। এসব আয়োজনে প্রায় ১ হাজার ৩০০-এর বেশি শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

বছরজুড়ে আয়োজিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে ছিল SCIBLITZ 1.0-এর আওতায় থ্রি মিনিট থিসিস প্রতিযোগিতা, ডিজিটাল লজিক ডিজাইন প্রতিযোগিতা এবং গবেষণাভিত্তিক RESPRO SERIES । একইসঙ্গে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সংযোগ আরও জোরদার করার লক্ষ্যে আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে যা শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে শিল্পের বাস্তব চাহিদার সঙ্গে সমন্বয় করে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য আরও প্রস্তুত হওয়ার সুযোগ করে দিবে বলে আশা করেন এই সংগঠনের নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার মো: ইনজামাম উল হক বলেন,চলতি বছরে আমাদের ব্রাঞ্চের প্রায় প্রতিটি ওয়ার্কশপ, সেমিনার ও ওয়েবিনার যথাযথভাবে ডকুমেন্টেশন করা হয়েছে। একইসঙ্গে IEEE Code of Ethics অনুসরণ করে ইমপ্যাক্টফুল ও মানসম্মত ইভেন্ট আয়োজনের মাধ্যমেই ৬১টি এক্টিভ স্টুডেন্ট ব্রাঞ্চের মধ্য থেকে আমাদের ব্রাঞ্চ ‘আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট ব্রাঞ্চ’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এই সাফল্যের পেছনে যেসব সদস্য ইভেন্ট আয়োজন, ডকুমেন্টেশন ও রিপোর্ট প্রস্তুতিতে নিরলসভাবে কাজ করেছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, ধারাবাহিক কার্যক্রম, সুস্পষ্ট প্রভাব এবং সংগঠিত ব্যবস্থাপনার ফলস্বরূপ চলতি বছর আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চকে সেরা স্টুডেন্ট ব্রাঞ্চ হিসেবে নির্বাচিত করা হয়েছে।