অনুরাশা রাফানাঃ-
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্তর্জাতিক প্রযুক্তি পেশাজীবীদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের আইটি বিজনেস ইনকিউবেটরের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে আইইইই চুয়েট স্টুডেন্ট শাখার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারদিন শাহ্ আজমী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের সামিন ইয়াছার।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাইদুল ইসলাম। সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে মাওয়া আলম খান, সহ-সভাপতি (কারিগরি) হিসেবে নিরুপম দেবনাথ, সহ-সভাপতি (কার্যক্রম) হিসেবে শুভ্র চন্দ্র দাস, কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ মেসবাহুল আলম নির্বাচিত হয়েছেন। শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মনন হক এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ তৌহিদুল ইসলাম। এছাড়া লজিস্টিকস অ্যান্ড ক্রিয়েটিভ অপারেশনস সেক্রেটারি পার্থ সারথি গোস্বামী, রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোঃ আবতাহি কাবির, পাবলিক রিলেশন সেক্রেটারি মুইজ মেজবাহ, মিডিয়া অ্যান্ড নিউজলেটার সেক্রেটারি রাবেয়া ইসলাম দোলন এবং ইন্ডাস্ট্রি রিলেশন সেক্রেটারি অর্পন পল সানজু নিযুক্ত হয়েছেন।
পাশাপাশি, আইইইইর শাখা সোসাইটি সমূহেরও কমিটি ঘোষণা করা হয়। ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটির সভাপতি পদে হাসান আলম সিয়াম ও সাধারণ সম্পাদক আল-আমিন; রোবটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটির সভাপতি পদে মোঃ ইশফাক আহমেদ জিম ও সাধারণ সম্পাদক তরিকুল হাকিম সাজিদ; সিগন্যাল প্রসেসিং সোসাইটির সভাপতি পদে মোঃ সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাকিব; ফটোনিক্স সোসাইটির সভাপতি পদে তানভির হাসান ও সাধারণ সম্পাদক এস. এম. নূরুল হাসনাত; পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির সভাপতি পদে আল হাসনাত পিয়াস ও সাধারণ সম্পাদক মৌমিতা বড়ুয়া; অ্যান্টেনা অ্যান্ড প্রোপাগেশন সোসাইটির সভাপতি পদে নাবিলা সুলতানা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মেসবাহুল আলম নিযুক্ত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইইই চুয়েট স্টুডেন্ট শাখার উপদেষ্টা অধ্যাপক ড. মেহেদি হাসান চৌধুরী। সেইসাথে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, অধ্যাপক ড. নিপু কুমার দাস, অধ্যাপক ড. মো. ইশতিয়াক রেজা ও লেকচারার আজমল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন কমিটির পূর্ববর্তী সভাপতি মোঃ ইনজামাম উল হক এবং সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ সাফকাথ।
নবগঠিত কমিটির সভাপতি ফারদিন শাহ্ আজমী চুয়েটনিউজ২৪-কে বলেন, “৪০০-এর অধিক সদস্য নিয়ে আইইইই চুয়েট আজ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সুপ্রতিষ্ঠিত শিক্ষার্থী সংগঠন। গত কমিটির সময়কালে প্রায় ৭৬টি সফল আয়োজনের পাশাপাশি দেশের ৫৭টি আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের মধ্যে ‘বেস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ’-এর মর্যাদা অর্জন করে আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ চুয়েট। এই অর্জন নিঃসন্দেহে সংগঠনের জন্য অত্যন্ত গর্বের এবং একই সঙ্গে বর্তমান কমিটির জন্য একটি বড় দায়িত্বেরও প্রতিফলন। সময় স্বল্পতা, বাড়তি প্রত্যাশা এবং নানা চ্যালেঞ্জের মধ্যেও আমরা আশাবাদী। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের সাফল্যের এই ধারাকে আরও সামনে এগিয়ে নিতে সক্ষম হব। এই পথচলায় সকল সদস্য, অ্যালামনাই, সিনিয়র ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা, পরামর্শ এবং দোয়া একান্তভাবে কামনা করছি।”