চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ পুরকৌশলীদের আন্তর্জাতিক সংগঠন আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই)-এর স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট শাখার বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ জুন (বুধবার) বিকালে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: রিয়াজ আকতার মল্লিক, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম এবং এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট-এর অনুষদ উপদেষ্টা ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার। সভায় সভাপতিত্ব করেন এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট-এর প্রাক্তন সভাপতি আব্দুল ওয়াদুদ শিমুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনিকা তাবাসসুম রুমা এবং ফারহান ইসলাম।
বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২৭ মেয়াদের জন্য শিক্ষার্থীদের সুষ্ঠু ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয় বলে জানা যায়। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হামিম আশরাফী। সহ-সভাপতির দায়িত্ব পান একই ব্যাচের সাকিবুর রহমান এবং সাদিয়া ইসলাম এভা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মো. রাসেল এবং কোষাধ্যক্ষ পদে মনোনীত হন দেবজিত দাস গুপ্ত।
অনুষ্ঠানে বক্তারা এএসসিই চুয়েট চ্যাপ্টারের কার্যক্রম, নেতৃত্বগুণ উন্নয়ন এবং পুরকৌশল শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “দেশের অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই প্রকৌশল ব্যবস্থার জন্য দক্ষ পুরকৌশলীর বিকল্প নেই। এএসসিই-এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” এসময় তিনি নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাদের সার্বিক সফলতা কামনা করেন।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি হামিম আশরাফী চুয়েটনিউজ২৪ কে জানান, “সেতু, সড়ক কিংবা স্থাপনা নির্মাণের আগে যেমন একটি শক্ত ভিত্তি প্রয়োজন, তেমনি একজন দক্ষ প্রকৌশলী গড়ে তুলতেও প্রয়োজন জ্ঞান, নেতৃত্ব ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়। এএসসিই এর নতুন কমিটি সেই ভিত্তি আরও দৃঢ় করার লক্ষ্যে কাজ করবে। পূর্বসূরিদের সফলতার ধারাকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা শিক্ষার্থীদের জন্য নতুন শেখার, গবেষণা ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করতে চাই। দীর্ঘদিন ধরে এই সংগঠন দেশব্যাপী একটি সুপরিচিত সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। আমাদের লক্ষ্য এখন এই পরিধিকে আরও বিস্তৃত করে এএসসিই এর স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট শাখাকে আন্তর্জাতিক অঙ্গনেও আরও সক্রিয় ও পরিচিত একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা।”