নাজিফা তাসনিম জিফা
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিতব্য স্নাতক ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পরীক্ষার আগমুহূর্তে ক্যাম্পাসজুড়ে রঙ ও নকশার ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কসমূহ।
চুয়েটের প্রধান সড়ক, একাডেমিক ভবনসংলগ্ন এলাকা ও গুরুত্বপূর্ণ পথজুড়ে শিক্ষার্থীদের আঁকা আলপনায় ফুটে উঠেছে সৃজনশীলতার বহিঃপ্রকাশ। বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের নানা ক্লাব ও ফোরামের শিক্ষার্থী সদস্যরা নিজ নিজ ব্যাচ থেকে অংশ নিয়ে আলপনা অঙ্কনে যুক্ত হয়েছেন। বিভিন্ন বিভাগের প্রতীকী নকশা, ক্লাবের লোগো অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চুয়েটের প্রাণবন্ত ক্যাম্পাস সংস্কৃতি।
এই আলপনা আঁকার কার্যক্রমে অংশ নেওয়া ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদমান মহিউদ্দিন রাফি জানান, “বছরের এই একটা দিন, যে দিনটায় চুয়েট সাজে তার নিজস্ব সত্তায়। প্রায় ১৪০০০ পরীক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চুয়েটিয়ানরা মেতেছে রঙের খেলায়। রাস্তার কংক্রিটগুলো সেজেছে রংতুলির আঁচড়ে। সবমিলিয়ে এই দিনটাকে কেন্দ্র করে পুরো চুয়েট জুড়ে চলছে এক উৎসব মুখর পরিবেশ।”
কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এসএম শাহনেওয়াজ আহমেদ বলেন, “চুয়েট কেবল একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নয়, এটি একটি ঐতিহ্য এবং একটি পরিবার। প্রতি বছর ভর্তি পরীক্ষার আগে ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি থাকে। দেয়াল, রাস্তা ও মাঠে আলপনা, নকশা ও সঙ্গীতের মাধ্যমে প্রতিটি ডিপার্টমেন্ট, ক্লাব ও ফোরাম অংশ নেয়। এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং ক্যাম্পাসের পরিবেশের সঙ্গে পরিচয় করানো হয়।”
আলপনার পাশাপাশি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের প্রধান গেট সংলগ্ন সড়কের পাশে এবং বাস্কেটবল গ্রাউন্ডে বিভিন্ন ক্লাব ও ফোরামের পক্ষ থেকে সহায়তা স্টল বসানো হয়েছে। আগামীকাল এই স্টলগুলো পরীক্ষার্থীদের কেন্দ্র খুঁজে পাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদানে কাজ করবে, যা দূর থেকে আসা শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক হবে।
রঙিন আলপনায় সজ্জিত চুয়েট ক্যাম্পাস আগত পরীক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও স্বাগতপূর্ণ আবহ তৈরি করছে। ভর্তি পরীক্ষার প্রস্তুতির চাপের মাঝেও এই নান্দনিক পরিবেশ পরীক্ষার্থীদের কাছে হয়ে উঠবে অনুপ্রেরণার উৎস, এমনই প্রত্যাশা চুয়েট শিক্ষার্থীদের।