চুয়েটে শুরু হচ্ছে ৮ম আন্তর্জাতিক সম্মেলন আইসিএমইআরই ২০২৫

গোলাম মোস্তফা তানিম:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিনিউয়েবল এনার্জি (ICMERE) 2025। আগামী ১০–১২ ডিসেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলন চুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আজ ৯ ডিসেম্বর (মঙ্গলবার) চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলনের সম্পাদক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বি।এসময় আরও উপস্থিত ছিলেন সম্মেলনের সভাপতি এবং যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ মুহাম্মদ হুমায়ুন কবির, সম্মেলনের সহ-সভাপতি এবং যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভুইয়া, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মিজানুর রহমান ও মেকাট্রোনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. প্রসেনজিৎ দাস।

তিন দিনব্যাপী এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন আমেরিকা, জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া,নরওয়ে থেকে আগত ৭ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা।যারা নবায়নযোগ্য জ্বালানি, উন্নত উৎপাদন প্রযুক্তি, রোবোটিক্স, বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেম এবং আধুনিক যন্ত্র প্রকৌশল বিষয়ে তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরবেন।

সম্মেলনে জমা পড়া মোট ৩১৭টি গবেষণাপত্রের মধ্য থেকে দুই ধাপের কঠোর মূল্যায়ন শেষে ২৪১টি পেপার উপস্থাপনার জন্য গৃহীত হয়েছে। এসব গবেষণাপত্র দেশের ২৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের ৬টি ভিন্ন দেশের গবেষকদের কাছ থেকে প্রাপ্ত।

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধীনে থাকা ৪টি স্টুডেন্ট চ্যাপ্টার যৌথভাবে আয়োজন করছে চারটি ভিন্নধর্মী প্রতিযোগিতা—পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়েশন চ্যালেঞ্জ, ডিজাইন কনটেস্ট এবং রোবারেস প্রতিযোগিতা। পুরো আয়োজন জুড়ে প্রায় ৩৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত থাকার আশা করা হচ্ছে।

আয়োজকরা জানান, ICMERE 2025 দেশ-বিদেশের গবেষক, শিল্পপ্রতিষ্ঠান, বিশেষজ্ঞ এবং শিক্ষার্থীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করবে, যা প্রযুক্তি ও গবেষণা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

উল্লেখ্য,শিল্প–একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এবারের সম্মেলনে ২০টি শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে। দ্বিতীয় দিনের ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সেশনে এসব প্রতিষ্ঠান শিল্প ও গবেষণার চাহিদা, প্রযুক্তি স্থানান্তর ও সহযোগিতা নিয়ে আলোচনা করবে।