চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। চুয়েট কম্পিউটার ক্লাব আয়োজিত প্রতিযোগিতাটির নামকরণ করা হয়েছে ‘কোড স্টর্ম ১.০ ‘।
দুইদিন ব্যাপী অনুষ্ঠিতব্য উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর মাননীয় উপাচার্য ড. রফিকুল আলম। এছাড়া গেস্ট অফ অনার হিসেবে থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
আগামীকাল(বৃহস্পতিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সুচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরপর আয়োজিত সেমিনারে আলোচনা করবেন দেশের নামকরা কয়েকজন প্রযুক্তিবিদ। বিকাল ৩টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে ‘মক কন্টেস্ট ‘। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ৬০ টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ১০০ টি দল এতে অংশগ্রহণ করবে। প্রতিটি দলে থাকবে ৩ জন করে সদস্য ।
প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে ২৬ জানুয়ারি(শুক্রবার)সকাল ৯ টায়। একই দিন বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। ১০ টি দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে এবং মোট ১ লক্ষ ৬৫ হাজার টাকা পুরষ্কার হিসেবে প্রদান করা হবে। যার মধ্যে প্রথম স্থান অধিকারী দল পাবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থানীয় দল ৩০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলটির জন্য থাকবে ২০ হাজার টাকা।
উক্ত আয়োজনটি সম্পর্কে চুয়েট কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম পাভেল বলেন, চুয়েট কম্পিউটার ক্লাবের পক্ষ হতে জাতীয় পর্যায়ের এটিই প্রথম প্রোগ্রামিং প্রতিযোগিতা। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ ধরণের একটি আয়োজন করতে পেরে আমরা সত্যি আনন্দিত।