চুয়েটে শুরু হচ্ছে অন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন

চুয়েট নিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামীকাল শনিবার(২৯ জানুয়ারি) শুরু হচ্ছে অন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন। দ্বিতীয় বারের মতো আইএলটিএস(ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম) ও ইংরেজি ভাষায় নিয়মিত ও দক্ষভাবে কথা বলার জন্য ইংরেজি স্পোকেনসহ উচ্চশিক্ষায় দেশের বাইরে যাওয়া নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইডুকেশন@ এবং ব্রাইটউইং এর সহায়তায় সম্মেলনটি আয়োজন করছে চুয়েটের ক্যারিয়ারমুখী সংগঠন চুয়েট ছায়া জাতিসংঘ।

এবারের সম্মেলনে মোট ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। জাতিসংঘের আদলে তিনটি আলাদা কমিটিতে বিভক্ত হয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। ভিন্ন ভিন্ন তিনটি কমিটি হলে- ইউনাইটেড ন্যাশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইট কাউন্সিল (ইউএনএইচআরসি) ও ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইট কাউন্সিল (ইউএনএইচআরসি)। ইউএনডিপি কমিটিতে এবারের এজেন্ডা দেয়া হয় বিশ্বব্যাপী দাতব্য কাজ বজায় রাখা এবং উন্নয়নের জন্য তহবিল ব্যবহার করা। ইউএনএইচআরসি কমিটির এজেন্ডা রয়েছে সাইবারস্পেসে গোপনীয়তা এবং বাক স্বাধীনতার অধিকার নিশ্চিত করা। ডিআইএসইসি কমিটির এজেন্ডা থাকছে অস্ত্রের বিস্তার এবং গণবিধ্বংসী প্রতিরোধ।

এবারের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং বিভগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকেরা এতে উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন৷ আয়োজন নিয়ে সংগঠনটির সভাপতি আসিফ আলম বলেন, এ সম্মেলনের মাধ্যমে চুয়েট শিক্ষার্থীরা নেটওয়ার্কিং, চিন্তাশীলতা এবং বিশ্বমঞ্চের বিভিন্ন জটিল সমস্যা সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা উন্নয়ন করতে পারবে। পাশাপাশি, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় ভালো করতে পারবে বলে আশা করছি।

প্রসঙ্গত, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গড়ে ওঠা মডেল ইউনাইটেড নেশনস ক্লাব বা ছায়া জাতিসংঘ সংগঠনগুলো মূলত জাতিসংঘের ন্যায় বিশ্বে চলমান বিভিন্ন বিষয়ের উপর সম্মেলন আয়োজন করে থাকে। প্রতিযোগীদের সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করতে হয়। বিচারকরা একজন প্রতিযোগীর কূটনৈতিক দক্ষতার বিচারে তাকে বিজয়ী ঘোষণা করে থাকে। এর আগে ২০১৯ সালে চুয়েটে অন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজিত হয়।