চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
ফ্লাশ মবের মধ্য দিয়ে পর্দা উন্মোচিত হলো বীর চট্টলার সর্ববৃহৎ শিক্ষা সমাপনী উৎসবের। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৪৯ তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০১৮-১৯) শিক্ষার্থীরা এ আয়োজন করেছে।
আজ(মঙ্গলবার) বিকাল ৪.৩০ টায় ফ্ল্যাশমবের মাধ্যমে উৎসবটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সন্ধ্যা ৬টায় সকল ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্র হল এবং দুইটি ছাত্রী হল থেকে শিক্ষার্থীরা স্লোগান সহকারে মশাল মিছিল নিয়ে বের হয়। এরপর তা স্বাধীনতা চত্বরে এসে শেষ হয় ।

এরপর আতশবাজি ও রাতে কনসার্ট পর্বে মঞ্চ মাতাবে সংগীতের জনপ্রিয় ব্যান্ড ‘সহজিয়া‘, ‘কার্নিভাল‘, ‘ব্ল্যাক‘ ও ‘সুদিপ্ত এন্ড ব্রাদার্স‘।
উৎসব এর আহবায়ক আদিব ইবনে মান্নান বলেন, মশাল মিছিলের মাধ্যমে বিদায়ী সব ব্যাচ এর মত বিদায়ের যাত্রা শুরু হতে হয়েছে আমাদের। বিদায় টা আরও সুন্দর করতে কাজ করে যাচ্ছে সহপাঠী ও অনুজ সকলে। প্রতিটি সময় নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে পাশে ছিলেন অধ্যাপক ড. মো: কামরুল হাসান এবং ছাত্রকল্যান দপ্তর। পরবর্তী সকল ধাপে সকলের সহযোগিতা কামনা করছি।

উৎসব সম্পর্কে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘এটি চুয়েটর একটি অন্যতম আয়োজন। বিশ্ববিদ্যালয়ের সকলে কেন্দ্রীয় ভাবে প্রফুল্লচিত্তে ইতিবাচকতার সাথে উৎসবটি উদযাপন করে থাকে। অন্যান্য বারের মতো এবারও সকলের প্রতি আহ্বান থাকবে সকলে যেন অনুষ্ঠানের নিয়মকানুন ও শর্ত বজায় রেখে সুষ্ঠুভাবে উৎসবটি উদযাপন ও উপভোগ করে।’
উল্লেখ্য, আলাদা বৈশিষ্ট্য ও ভাবধারা বিবেচনায় রেখে নতুন স্লোগানে চুয়েটে সমাপনী বর্ষের শিক্ষার্থীরা প্রতি বছর তাদের শিক্ষা সমাপনী উৎসব উদযাপন করে এবং এ উপলক্ষে নিজ ব্যাচের নামকরণ করে থাকে। এ বছর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৯ তম ব্যাচ) শিক্ষার্থীরা নিজেদের ব্যাচের নামকরণ করেছে “আদ্যন্ত ১৮” । আর উৎসবের স্লোগান ঠিক করা হয়েছে ‘আদি থেকে অন্তহীন , আদ্যন্ত অমলিন‘। আগামী কিছু দিনের মধ্যে শিক্ষা সমাপনী উৎসবের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এরআগে ৪৮ তম ব্যাচের নামকরণ করা হয় সংবর্ত’১৭।