তড়িতের ঢেউয়ে দুলবে চুয়েট

সাইকা শুহাদাঃ

চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল (ইইই) বিভাগ এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইইই ডে- ২০২৩’। চলতি মাসের ৯ ও ১০ তারিখে পর্দা নামবে এ অনুষ্ঠানের। চুয়েটের বিভাগ গুলোর মধ্যে আয়োজিত সবচেয়ে বড় এ অনুষ্ঠানটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের উন্মাদনা।

দুইদিনব্যাপী এই আয়োজনটির নামকরণ করা হয়েছে ‘ইলেক্ট্রিক্যাল সার্জ-২.০’। ইলেকট্রিক্যাল সার্জের এবারের আয়োজনটির আহবায়ক চুয়েটের তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক ড. নিপু কুমার দাশ এবং সহযোগিতায় রয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদি হাসান চৌধুরী। আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অত্র বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের একাংশ।

ইলেক্ট্রিক্যাল সার্জ-২০২২ এর বর্ণাঢ্য র‍্যালিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম

আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠানটির উদ্বোধন করবেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। আয়োজনের প্রথম দিনটি শুরু হবে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। এরপর কেন্দ্রীয় মিলনায়তনে এক সভা পরিচালনা করবেন বহুজাতিক প্রতিষ্ঠান হুয়াওয়ে।

ইলেক্ট্রিক্যাল সার্জ-২০২২ এর আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীদের একাংশ

সকাল ১১:৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় ধাপের সেমিনার যেখানে বক্তব্য রাখবেন ফ্লোরিডা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ, দুবাইয়ের রয়েক্স টেকনোলজি-র প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী রাজিব রয়, গ্রামীণফোন লিমিটেড এর ব্যবস্থাপক মহিত চৌধুরী, জিইএমসিও এর উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ হায়েত মাহমুদসহ দেশ বিদেশের বিশ্ববরেণ্য ব্যাক্তিত্ব।

ইলেক্ট্রিক্যাল সার্জ-২০২২ এর ফ্ল্যাশমবে শিক্ষার্থীরা

এরপর সমাপনী ব্যাচের(‘১৮ ব্যাচ) শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা পর্ব। বিকাল ৪ ঘটিকায় রয়েছে ফ্ল্যাশমব, সন্ধ্যায় চা উৎসব ও পথনাট্য এবং সবশেষে রয়েছে আতশবাজির উৎসব। অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষদিন রয়েছে কুইজ প্রতিযোগিতা, সার্কিট অলিম্পিয়াড,হ্যাকাথন এবং রোবো সকার সহ নানান প্রতিযোগিতা। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব যেখানে মঞ্চ মাতাবেন দেশের সনামধন্য বিভিন্ন ব্যান্ড এবং বিভাগের শিক্ষার্থীরা।

এমন বৃহৎ আয়োজন সম্পর্কে অধ্যাপক ড. নিপু কুমার দাশ বলেন,’আহবায়ক হিসেবে আমি এই অনুষ্ঠানের সকল পার্টনার ও স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আমি চাই সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হোক । উপদেষ্টা কমিটি ও সাব-কমিটি সদস্যরা নিরলস পরিশ্রমের মাধ্যমে ইলেক্ট্রিক্যাল সার্জ ২.০ সফল ভাবে করার চেষ্টা করতেছে । গতানুগতিক পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন শিক্ষার্থীদের প্রাণোচ্ছল ও মানসিকভাবে প্রফুল্ল রাখবে। আমি আশা করছি ভবিষ্যতেও সকলকে একসাথে পাবো এবং আমাদের এই জমকালো অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

ইলেকট্রিক্যাল সার্জ-২০২৩ এর এই পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চুয়েট নিউজ২৪ ডট কম।