স্বাধীনতা দিবসে এতিমদের নিয়ে গ্রিন ফর পিস পরিবারের ইফতার

সাঈদ চৌধুরীঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গ্রিন ফর পিস এর উদ্যোগে এতিমদের সাথে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) চট্টগ্রামের পাহাড়তলী সংলগ্ন বায়তুল নূর ইব্রাহিমিয়া মাদ্রাসায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন গ্রিন ফর পিসের প্রধান উপদেষ্টা এবং যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ। সংগঠনটির সভাপতি আল-আমিন ইসলাম, সাধারণ সম্পাদক রাফি ফেরদৌসসহ অন্যান্য সদস্যবৃন্দ। আজকের ইফতারে মোট উপস্থিতির সংখ্যা ছিল ৪৫ জন।

অভিভাবকহীন পরিবারের এতিম শিশুরা জীবনের ছন্দ হারিয়ে দিক খুঁজে পায় না। শিশুর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে একসময় এতিমখানাকে উপযোগী মনে করেন তারা। এতিমখানার পিতৃহীন অনেক শিশু জানেই না, সে কখন কোন বয়সে পিতাকে হারিয়েছে। আর পিতৃহীন শিশুর মাও অকালে মাথার ছাদ হারিয়ে জীবনের টানাপোড়েনে পড়ে যান। আর দেশে এখন প্রত্যেকটি এতিমখানার সঙ্গে গড়ে উঠেছে হাফেজিয়া মাদ্রাসা। ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে এই এতিম শিশুগুলো একসময় বের হয় ত্রিশ পারা কুরআন বুকে ধারণ করে পূর্ণাঙ্গ হাফেজ হিসেবে।

রমজানে ইফতারের প্রস্তুতিতে দল হয়ে কাজ করে তারা। রান্নাঘর থেকে ইফতারের বিভিন্ন উপকরণ নিয়ে আসে একদল। খাবারের পাত্র পরিষ্কার করতে দেখা যায় আর একদলকে। আরেকদল তখন ব্যস্ত আপেল, মালটা ও লেবু কাটায়। কয়েকজন মাখছে মুড়ি। এভাবেই যৌথ প্রয়াসে কাজ শেষে তারা বসে ইফতারের অপেক্ষায়। অপেক্ষা তখন মাগরিবের আজানের। বাবা-মা পরিবার ছাড়া শিশুগুলোর অন্যের সঙ্গেই বেঁধেছে আত্মার বাধন। আজানের আগে ধরা হয় মুনাজাত। মুনাজাতে ইফতার প্রেরকদের জন্য দোয়া করে তারা।

এতিম শিশুদের জন্য আজকের এই ইফতার সম্পন্ন করার দায়িত্বে ছিলো গ্রিন ফর পিস এর জুনিয়র সদস্য ওয়াজেদ আল ইসলাম, সামাদুল ইসলাম, রায়হানুল ইসলাম, শাওন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

বায়তুল নূর ইব্রাহিমিয়া মাদ্রাসা ও এতিমখানায় দায়িত্বরত শিক্ষক হাফেজ বেলাল বলেন, গ্রিন ফর পিস এর মাধ্যমে পূর্বেও আমাদের মাদ্রাসায় কার্পেট প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগী পেয়েছি। আজকের এই ইফতার আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি গ্রিন ফর পিস সংগঠনকে।

আজকের ইফতার আয়োজন নিয়ে গ্রিন ফর পিস এর সভাপতি আল-আমিন ইসলাম বলেন, সংগঠনের মাধ্যমে আমরা সবসময়ই সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠী নিয়ে বিভিন্ন মানবিক কাজ করে আসতেছি। আজকে এতিম শিশুদেরকে সাথে নিয়ে ইফতার করার মাধ্যমে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। ইফতার প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাদ্রাসা কতৃপক্ষ সহ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।