চুয়েট শিক্ষার্থীদের বিদ্যুৎ কেন্দ্র ভ্রমণ

চুয়েট নিউজ২৪ ডেস্কঃ

পুঁথিগতবিদ্যা পূর্ণতা পায় বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হলেই। আর প্রকৌশল বিদ্যা হচ্ছে ভৌতবিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্র। প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে পূর্ণরূপে উপলব্ধি করাতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চ টেকনিক্যাল ট্যুর আয়োজন করেছে ।

গত ২৪ আগস্ট চট্টগ্রামের রাউজানে অবস্থিত চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রে একটি টেকনিক্যাল ট্যুরের আয়োজন করে আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ। এসময় শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের পরামর্শক এবং চুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ।

পরিদর্শন কালে বিদ্যুৎ কেন্দ্রের কর্মরত প্রকৌশলগণ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ সহ খুঁটিনাটি অনেক বিষয় শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।

এ বিষয়ে আইইইই চুয়েট শাখার সভাপতি অপি দাশ বলেন, “আমরা অনেক বেশি সাড়া পেয়েছি আর পুরো ভ্রমণ জুড়ে সবাই অনেক আগ্রহের সাথে সবকিছু পর্যবেক্ষণ করেছে এবং জানার চেষ্টা করেছে। ভবিষ্যতে আইইইই থেকে আরও ভালো কিছু আয়োজন করার চেষ্টা থাকবে যাতে শিক্ষার্থীরা নিজেদের অর্জিত একাডেমিক জ্ঞানকে প্রায়োগিক ক্ষেত্রের সাথে সমন্বয় করতে পারে । “

উল্লেখ্য, চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র হল বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত একটি গ্যাস চালিত তাপ বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে এটির দুটি ইউনিট উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে।