চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট ও বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চুয়েটের মূল ফটকের সামনে এ অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।
কর্মসূচিতে অংশ নিতে বিকেল সাড়ে ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানানো হয় । পরে শিক্ষার্থীরা সেখান থেকে একত্র হয়ে সড়কে অবস্থান নেন।


অবরোধ চলাকালে শিক্ষার্থীদের ‘যে ভিসি ছাত্র মারে, সে ভিসি আমার না’ এবং ‘মানি না মানবো না, শরীফুলকে মানি না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা চুয়েটের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আবির বলেন, “আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। দীর্ঘ ৭০ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা সহিংসতা চাই না, বরং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে দ্রুত সংকটের সমাধান চাই। এত দিন আমরা সড়ক অবরোধ কিংবা কোনো অস্থিতিশীল কর্মসূচিতে অংশ নিইনি। তবে কোনো ধরনের হুমকির মুখে আন্দোলন বন্ধ করব না। অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাই না। তাঁর পরিবর্তে অন্য কাউকে উপাচার্য নিয়োগ দিলেই এ সংকটের সমাধান সম্ভব।”
পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা৷ পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে তা শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর থেকে চুয়েটে অচলাবস্থা তৈরি হয়। শিক্ষার্থীরা সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। দীর্ঘদিনের অচলাবস্থার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম শুরু হলেও সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় ২৬ নভেম্বর থেকে পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।