গোলাম মোস্তফা তানিম:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের পরও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পরিবর্তন করা হয়নি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের তথ্য। ওয়েবসাইটের ‘উপাচার্যের কার্যালয়’ পাতায় তার ছবি, নাম ও ‘উপাচার্য’ পদবি এখনো বহাল রয়েছে।
কেন হালনাগাদ হচ্ছে না:
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সমিতির সর্বাত্মক কর্মবিরতির কারণে ওয়েবসাইটের কাজ আটকে আছে বলে জানান চুয়েটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. ইব্রাহিম খান। তিনি বলেন, "সবাই কাজে যোগদান না করায় ওয়েবসাইটের এই তথ্য হালনাগাদ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি বিভিন্নজনের দায়িত্বে রয়েছে। আমার নিজেরও সেখানে যাওয়া হয়নি। শিক্ষক সমিতির নেওয়া সিদ্ধান্ত আমাকেও মেনে চলতে হচ্ছে।"