চুয়েটে তালাবদ্ধ উপাচার্য ভবনের সামনেই প্রতিবাদী কনসার্টের আয়োজন

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দশম দিনে গড়িয়েছে। একই দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। নানা মাত্রিক ভাষা ও ব্যতিক্রমী প্রতিবাদী কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবারও (১ অক্টোবর) আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। শিক্ষকরা কর্মবিরতিতে অংশ নেওয়ায় নিয়মিত একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। অন্যদিকে, শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচির আওতায় ক্লাস, ল্যাব, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে।

আন্দোলনের অংশ হিসেবে সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘কমপ্লিট শাটডাউন’ ও কঠোর অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা অব্যাহত রয়েছে।

এদিকে, সন্ধ্যা ৬টা থেকে উপাচার্য ভবনের সামনে প্রতিবাদী কনসার্টের আয়োজন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবাহিকতায় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিবাদের ভাষা তুলে ধরেন তারা।

কনসার্টে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌমিতা দত্ত প্রিয়া বলেন, “সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম স্যারকে পুনর্বহালের দাবিতে আজ দশম দিনের মতো আমাদের প্রতিবাদী কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় আজ প্রতিবাদী কনসার্টের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের নীরবতারও তীব্র সমালোচনা জানানো হচ্ছে। আমাদের সাবেক উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।”

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে।