চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। ২৩ সেপ্টেম্বর (বুধবার) শিক্ষার্থীরা এ উপলক্ষে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছেন।
সকাল ১১ঃ২০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এসময় তারা সারিবদ্ধ ও স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়। গণস্বাক্ষর কর্মসূচিতে তারা তাদের শিক্ষার্থী আইডি ও স্বাক্ষর প্রদান করেন।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ফারহান হাসনাত আদিব জানান, "গত ২১ তারিখ বিনা নোটিশে আমাদের আবু সাদাত সায়েম স্যার কে ভিসি পদ হতে অব্যহতি দেওয়া হয়। তার প্রতিবাদ কর্মসূচি হিসেবে আমরা ২১ তারিখ রাতেই বিক্ষোভ মিছিল করি। গতকাল ২২ তারিখ আমাদের কর্মসূচি হিসেবে চুয়েট কমপ্লিট শাটডাউন রাখা হয়। আজকে আমরা আমাদের আন্দোলন এর ২য় দিনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি, যা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবো। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে।"
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন।