চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাষা ও সাহিত্য বিষয়ক সংগঠন ‘ভাষা ও সাহিত্য সংসদ, চুয়েট’ এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২১ আগস্ট (শুক্রবার) অনলাইনে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
২৪ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: মাহি ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে সামিন ইয়াসার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোস্তফা খালিদ বিন শামস, সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী নাবিলা রাইসা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দেবারতি চক্রবর্তী, চিত্রকলা ও নকশা সম্পাদক হিসেবে তাসনিম জাহান ঐশী, অর্থ সম্পাদক হিসেবে মাহি আব্দুল্লাহ এবং যুগ্ম অর্থ সম্পাদক হিসেবে কিসওয়ার সুলতানা দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সাহিত্য সম্পাদক হিসেবে পার্থ সারথি গোস্বামী, শাদাত হোসাইন রনি ও খন্দকার তানিম মাহমুদ হক, ভাষা সম্পাদক হিসেবে মোহাম্মদ হুসন, অর্ঘ্য দাশ অঙ্কুর ও শাহরিয়ার হোসাইন, প্রকাশনা সম্পাদক হিসেবে মো: তামিম হাসান ও সাদিয়া সাইমা শিমু, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ফালাদুন ইসলাম ও কৌশিক বৈদ্য কাব্য, প্রচার ও বিজ্ঞাপন সম্পাদক হিসেবে মো: সাকিবুর রহমান ও সামালা শাওলিন, দপ্তর সম্পাদক হিসেবে অর্পণ দেবনাথ ও ইফতেখার আলম এবং সোশ্যাল মিডিয়া সম্পাদক হিসেবে জিয়াউল কামাল মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো: মাহি ইসলাম চুয়েটনিউজ২৪-কে জানান,
"প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত জীবনেও ভাষা ও সাহিত্যের চর্চা যেন থেমে না যায়, সেটিই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। আমরা চাই ভাষা ও সাহিত্য সংসদ কেবল অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের লেখালেখি, বিতর্ক, উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা বিকাশের একটি কার্যকর মাধ্যম হয়ে উঠুক। নতুন কমিটি হিসেবে আমরা সবাই মিলে সে লক্ষ্যেই কাজ করে যাব।"
সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন,
"বিদায়ী কমিটি যে ধারাবাহিকতা তৈরি করে গেছে, আমরা তা ধরে রেখে আরও নতুন উদ্যোগ নিতে চাই। সাহিত্য আসর, ভাষাবিষয়ক কর্মশালা ও প্রকাশনার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার।"
প্রসঙ্গত, ‘ভাষা ও সাহিত্য সংসদ, চুয়েট’ প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে ভাষা ও সাহিত্যের চর্চা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নিয়মিতভাবে সাহিত্য আসর, বিতর্ক ও আবৃত্তি প্রতিযোগিতা, দেয়ালিকা ও ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালনা করে থাকে।