চুয়েটের মহাকাশ গবেষণাধর্মী সংগঠন এসরোর নতুন কমিটি ঘোষণা

অনুরাশা রাফানাঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের মহাকাশ গবেষণাধর্মী সংগঠন অ্যান্ড্রোমিডা স্পেস অ্যান্ড রোবটিক্স রিসার্চ অর্গানাইজেশনের (এসরো) ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিয়া আনোয়ারা অধরা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাব্য প্রকাশ চক্রবর্ত্তী।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে সংগঠনটির ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে সহ-সভাপতি (প্রশাসন) হিসেবে মুহাম্মদ মেসবাহুল আলম, সহ-সভাপতি (লজিস্টিক্স) হিসেবে অনুপম দাস কাব্য, সহ-সভাপতি (কারিগরি) হিসেবে অম্লান সরকার তুর্না এবং সহ-সভাপতি (গবেষণা ও উন্নয়ন) হিসেবে অদিতি দাস পুনম দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আবতাহী কবির এবং অর্থ সম্পাদক হিসেবে আহনাফ শাহরিয়ার অর্ণব নির্বাচিত হয়েছেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসরোর প্রধান উপদেষ্টা চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, কারিগরি উপদেষ্টা মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.হুমায়ুন কবির এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক আজমল আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোওয়ার হোসেন। সংগঠনটির সাবেক সভাপতি ফয়সাল আজিজও এসময় উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি ফারিয়া আনোয়ারা অধরা চুয়েটনিউজ২৪ কে বলেন, “এসরো চুয়েটের শিক্ষার্থীদের প্রযুক্তিমুখী করে তোলা এবং তাদের তাত্ত্বিক জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ করে দিতে কাজ করে আসছে। ইনশাআল্লাহ, নতুন নতুন প্রজেক্ট ও উদ্যোগের মাধ্যমে আমরা এ ধারাবাহিকতা বজায় রাখব। তাছাড়া, অ্যাসরোর বেশ কিছু আন্তর্জাতিক অর্জন রয়েছে। ভবিষ্যতে আমরা আরও বেশি শিক্ষার্থীকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতে চাই এবং তাদের আগ্রহ, আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে কাজ করতে চাই।"

তিনি আরও জানান, "পূর্ববর্তী কমিটিগুলো এসরোর যে সুন্দর ঐতিহ্য ও সুনাম রেখে গেছে, তা ধরে রাখা আমাদের জন্য গর্বের পাশাপাশি বড় দায়িত্ব। সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অ্যাসরোকে আমরা আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক কাব্য প্রকাশ চক্রবর্ত্তী বলেন, “এসরো শুধু প্রজেক্ট তৈরি করতে নয়, চুয়েটের জন্য কিছু করে যেতে চায়। ইতোমধ্যে তৈরি করা চুয়েট বাস ট্রেকারটি যত দ্রুত সম্ভব বাসে স্থাপন করে শিক্ষার্থীদের কাজে লাগানোর চেষ্টা থাকবে। তাছাড়া, আমাদের অন্যান্য প্রজেক্টের পাশাপাশি চুয়েটে সরাসরি ব্যবহার করা যায়, এমন আরও কিছু বাস্তবভিত্তিক প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে চাই।"

উল্লেখ্য, উক্ত নতুন কমিটি ঘোষণা ছাড়াও সভায় সংগঠনটির পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনা, নতুন কমিটির দায়িত্ব গ্রহণ এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।