শিক্ষার্থীদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: চুয়েট উপাচার্য

অনুরাশা রাফানাঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের আয়োজনে ‘মেশিন লার্নিং অ্যান্ড ইটস ট্রান্সলেশন ইন এগ্রিকালচার, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ আগস্ট(রবিবার) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অপারেটিং সিস্টেম ল্যাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ ইব্রাহিম খান, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব, অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনার্জির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি. এম. শফিউল্লাহ এবং বিশ্ববিদ্যালয়টির ইন-কান্ট্রি ম্যানেজার জাসদীপ সান্ধু।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের নিজেদের মেধাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ অবস্থান অর্জনের চেষ্টা করতে হবে। তাদের মধ্যে থাকা সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের আন্তর্জাতিকভাবে চিন্তা করতে হবে এবং ভবিষ্যৎ বিশ্ব তাদের চিন্তা, প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ওপর ভিত্তি করে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, চুয়েটের বৈশ্বিক যোগাযোগব্যবস্থা অনেক শক্তিশালী এবং বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও গবেষক দেশের বাইরে গবেষণা করছেন। শিক্ষার্থীদের পেশাগত জীবনে প্রবেশের পর নিজেদের কাজ কতটা যথাযথ ও কার্যকর হচ্ছে, সে বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে। বর্তমান ডিজিটালাইজেশনের যুগে সিএসই গ্র্যাজুয়েটদের সহযোগিতা ছাড়া বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়। চুয়েটকে দ্রুত আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে তিনি সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা কামনা করেন।

উল্লেখ্য, কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির স্কুল অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. ফেরদৌস সোহেল। এতে সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর এবং সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক সাইমুম হোসাইন সোহান।