চুয়েটের টিএসসি ক্যাফেটেরিয়ায় বাসি খাবার, সারারাত খোলা রেখে সকালে পরিবেশন

আসাদুল্লাহ গালিব ও মিসবাহ উদ্দীন:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) টিএসসি ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে অভিযোগ বহু পুরোনো। একচেটিয়া ব্যবসা, অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার পরিবেশন এবং শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে অতীতে একাধিকবার ক্যাফেটেরিয়ায় তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এরই মধ্যে দুই দফা পরিবর্তন হয়েছে ক্যাফেটেরিয়ার মালিকানা। তবে মালিকানা পরিবর্তন হলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে এখনো নানা অনিয়ম রয়ে গেছে।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত প্রায় ৪টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাফেটেরিয়ার রান্নাঘরে সকালের নাশতার জন্য আগের রাতেই সবজি ভাজি রান্না করে রাখা হয়েছে। এছাড়া সিঙ্গারা ও সমুচা তৈরির খামিরও আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছে। প্রস্তুতকৃত খাবারের পাশাপাশি রান্নায় ব্যবহারের জন্য রাখা মশলা ও অন্যান্য উপকরণও উন্মুক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ক্যাফেটেরিয়ায় কর্তব্যরত এক কর্মচারীর সাথে কথা বলে জানা যায়, সকালের নাশতায় পরিবেশনের জন্য আগের দিন রাত ৯টার দিকে খাবার প্রস্তুত করা হয়। ফলে পরদিন সকালে আগের রাতে প্রস্তুত করা খাবারই পরিবেশন করা হচ্ছে।

এদিকে নিয়মিত এসব অস্বাস্থ্যকর খাবার খাওয়ায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিক্ষার্থীরা। ক্যাফেটেরিয়ার খাবার নিয়ে যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মহিদুল ইসলাম বলেন, “চুয়েটের টিএসসি ক্যাফেটেরিয়ার খাবার পরিবেশনে অবহেলা ও অব্যবস্থাপনার অভিজ্ঞতা হয়েছে আমার। সম্প্রতি টিএসসিতে পরিবেশন করা ছোলার ভেতর আমি পাথর পেয়েছি। পাশাপাশি শক্ত নান রুটি, ঠান্ডা পরোটা এসবও পেয়েছি।”

সিঙ্গারা ও সমুচা তৈরির জন্য আগে থেকেই প্রস্তুত করা ময়দা, রাখা হয়েছে উন্মুক্ত অবস্থায়

এ বিষয়ে জানতে চাইলে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম বলেন, “আমরা বিভিন্ন সময় টিএসসিতে গিয়ে দেখেছি খাবার ঢেকে রাখা হয়নি। এজন্য এর আগে মৌখিকভাবে সতর্ক করেছি।এরপরও যেহেতু তারা এটা করছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের একটি লিখিত অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

এ ব্যাপারে ক্যাফেটেরিয়ার ম্যানেজারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।