চুয়েটে নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা

জারীন তাসমীন সাবাঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রশাসনের সঙ্গে নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধিদের একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

সভায় চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, গবেষণা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নরওয়েজিয়ান দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য ছিলেন হেনরিক এংমো, লিনেয়া ডাল এবং ঢাকায় রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মুনতাসির বায়জিদ।

সভায় চুয়েট ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত চলমান কেয়ার (CARE) প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ প্রকল্পের আওতায় আগামী ৬ আগস্ট চারজন চুয়েট শিক্ষার্থী উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিভিন্ন মেয়াদে নরওয়ে যাবেন।

এ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “নরওয়েতে শিক্ষা ও গবেষণার এ সুযোগ তাদের জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান তারা দেশের কল্যাণে এবং চুয়েটের শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজে লাগাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।”

এর আগে বুধবার (২৯ জুলাই) চুয়েট ও ঢাকায় নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় পরিচালিত বাংলাদেশ–নরওয়ে রিনিউএবল এনার্জি হাব–এর চলমান কার্যক্রম পরিদর্শন করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক সহযোগিতাভিত্তিক এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চুয়েটের আন্তর্জাতিক অংশীদারত্ব আরও শক্তিশালী হচ্ছে।