ঈমান ও জ্ঞানের আবহে চুয়েটে ইসলামিক মাহফিল আয়োজিত

মো: মিসবাহ উদ্দিনঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত ২০ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হয়েছে ইসলামিক মাহফিল ২০২৬ । চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে এবং চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটির সহযোগিতা ও সমন্বয়ে কেন্দ্রীয় মিলনায়তনে এই মাহফিল আয়োজিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন স্বনামধন্য ইসলামী বক্তা অধ্যাপক ড. মোখতার আহমাদ। ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো সাইফুল ইসলাম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এর আগে, উক্ত মাহফিলকে সামনে রেখে সপ্তাহব্যাপী ‘ইসলামিক সপ্তাহ ২০২৬’ ঘোষণা করে চুয়েট ইসলামিক ইলম সিকার সোসাইটি। এর অংশ হিসেবে ইসলামী বইমেলা, পোস্টার প্রেজেন্টেশন, ইসলামিক ক্যালিগ্রাফি, কুইজ প্রতিযোগিতাসহ আরো নানা ধরনের আয়োজন করে এ সংগঠন।

এছাড়াও, একই দিনে সংগঠনের উদ্যোগে পূর্বে অনুষ্ঠিত ‘কুরআন ইন চুয়েট’ ও ‘সিরাত প্রতিযোগিতা’–এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আয়োজন করা হয়। এ সময় বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। প্রধান অতিথির বক্তব্যের পর অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক ড. মোখতার আহমাদ ‘প্রকৌশল শিক্ষায় ইসলামী শরীয়াহ ও আক্বীদাহ চর্চা’-বিষয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। তিনি এসময় কুরআন ও হাদীসের আলোকে প্রকৌশল শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের উপযুক্ত জ্ঞান অর্জন করে মুসলিম উম্মাহর জন্য ভূমিকা রাখার উপর জোর দেন। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. সাইফুল ইসলাম অতিথিবৃন্দ ও আয়োজনে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান।

চুয়েটে এ ধরনের আয়োজনের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে আয়োজক কমিটির সদস্য চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জারিফ মুহতাসিম। চুয়েটনিউজ২৪ কে তিনি জানান,”আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ‘চুয়েট ইসলামিক মাহফিল ২০২৬’ এবং এর অংশ হিসেবে সপ্তাহব্যাপী সকল আয়োজন অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমরা প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। ইসলামিক কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, সুন্নাহ প্রদর্শনী, প্যালেস্টাইন কর্নার, ইসলামী বইমেলা ও শামে নাশীদ, প্রতিটি আয়োজনেই চুয়েটিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।”

তিনি আরও বলেন,”বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার কারণেই এত বড় একটি আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য আমরা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইসলামী জ্ঞানচর্চা, ভ্রাতৃত্ববোধ ও দ্বীনি সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও চুয়েটিয়ানদের জন্য আরও সুন্দর, পরিপূর্ণ ও উপকারী ইসলামিক আয়োজন নিয়ে কাজ করে যেতে চাই।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিকতা চর্চার নিমিত্তে বিগত কয়েক বছর ধরেই ইসলামিক মাহফিল আয়োজন করে আসছে অত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন।