চুয়েটনিউজ২৪ডেস্ক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডে বন্যাদুর্গত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। ১৮ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয়ের জেলা সংগঠন বগুড়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে এবং ‘নেটওয়ার্ক’ নামের একটি সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হয়।
এর আওতায় বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের পুনর্বাসনে সহায়তা করা হয়। আয়োজকরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া।
এ বিষয়ে বগুড়া স্টুডেন্ট ফোরাম, চুয়েট এর সভাপতি তড়িৎকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসাইন বলেন, “কখনো উত্তরবঙ্গ, কখনো চট্টগ্রাম—প্রকৃতি তার নির্মমতার ঠিকানা বদলায়, কিন্তু মানুষের আর্তনাদ একই থাকে। প্রত্যাশা করি, দুর্যোগের সময় অঞ্চল নয়, মানবিক দায়বদ্ধতাই আমাদের পরিচয় হয়ে উঠবে।”
উল্লেখ্য, গত ১৫ জুলাই বগুড়া স্টুডেন্টস ফোরাম, চুয়েট দই উৎসব আয়োজন করে। বগুড়ার ঐতিহ্যবাহী দইকে কেন্দ্র করে আয়োজিত ওই উৎসব থেকে অর্জিত লাভের সম্পূর্ণ অর্থ বন্যাদুর্গত মানুষের কল্যাণে ব্যয় করার ঘোষণা দিয়েছিল সংগঠনটি। এর অংশ হিসেবে তারা বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে সংগৃহীত অনুদানও এ কার্যক্রমে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যরা।