চুয়েটে আবাসিক হলে গাঁজাসহ নয় শিক্ষার্থী আটক

তানভীর আহমাদ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাইদ হল থেকে গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ নয় শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল। ১০ জুলাই (শুক্রবার) আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে হলের ৫২৯ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০২১–২২ শিক্ষাবর্ষের দুইজন, ২০২২–২৩ শিক্ষাবর্ষের পাঁচজন এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের দুইজন রয়েছেন। তাদের মধ্যে চারজন শহীদ আবু সাইদ হলের, তিনজন মুক্তিযোদ্ধা হলের, একজন ড. কুদরাত-ই-খুদা হলের এবং একজন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী।

এই ব্যাপারে শহীদ আবু সাইদ হলের সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল রিফাত বলেন, “গতকাল আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের মধ্যকার একটি সমস্যা সমাধানের জন্য আমরা হলে যাই। পরে সন্দেহজনক একটি কক্ষে অভিযান পরিচালনা করলে কয়েকজন শিক্ষার্থীকে মাদকাসক্ত অবস্থায় পাই। এ সময় কক্ষটি থেকে গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।”

ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম চুয়েটনিউজ২৪ কে জানান, ”মাদক ও র‍্যাগিং এর বিষয়গুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে  সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি। রবিবার  স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় আমরা এই বিষয়টি নিয়ে বসবো।”