ইবাদ হোসেন ও শাওকিক জোহা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২৭ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ৮ জুলাই (বুধবার) চুয়েটের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়।
এতে সভাপতি হিসেবে সময় টিভি প্রতিনিধি আসাদুল্লাহ গালিব এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রথম আলো প্রতিনিধি ফাইয়াজ মুহাম্মদ কৌশিক নির্বাচিত হয়েছেন। তারা উভয়ে যথাক্রমে পানিসম্পদ কৌশল ও পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
১৫ সদস্যের নতুন এই কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন চট্রগ্রাম প্রতিদিনের প্রতিনিধি নাফিসা নাওয়ার (প্রশাসন) ও সমকাল পত্রিকার প্রতিনিধি মো: ফাহিম রেজা(যোগাযোগ)। এছাড়া অন্যান্যরা হলেন – যুগ্ম সাধারণ সম্পাদক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিনিধি আকিফা মঞ্জুর তিশা, সাংগঠনিক সম্পাদক দ্য ডেইলি ক্যাম্পাস এর প্রতিনিধি গোলাম মোস্তফা তানিম, অর্থ সম্পাদক কালের কন্ঠের প্রতিনিধি তানভীর আহমাদ, দপ্তর সম্পাদক সিটিজি পোস্টের প্রতিনিধি নাজিফা তাসনিম জিফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে খবরের কাগজ পত্রিকার প্রতিনিধি ইবাদ হোসেন, সহ-অর্থ সম্পাদক বণিক বার্তার প্রতিনিধি জারীন তাসমীন সাবা, সহ-দপ্তর সম্পাদক হিসেবে বর্তমান বাংলাদেশ এর প্রতিনিধি অনুরাশা রাফানা এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাগরিক ভাবনা এর প্রতিনিধি শাওকিক ইসলাম জোহা। এছাড়াও নাজমুল কবির সিয়াম (রুপালী বাংলাদেশ), মোঃ মিসবাহ উদ্দিন (আমাদের সময়) এবং সাব্বির হোসাইন (দৈনিক আজাদী)-কে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
বিদায়ী কমিটির সভাপতি, আসহাব লাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব এনার্জি এন্ড টেকনোলজি, চুয়েটের পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “প্রকৌশল শিক্ষার ব্যস্ততার মধ্যেও ক্যাম্পাসে সাংবাদিকতার চর্চা সত্যিই প্রশংসনীয়। আশা করি নতুন কমিটির সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে চুয়েটের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, “সংবাদপত্র আমাদের সমাজের দর্পণ। চুয়েটের বিশ্বস্ত মাধ্যম হিসেবে চুয়েট সাংবাদিক সমিতির সদস্যদের সুনাম সারা ক্যাম্পাস জুড়েই আছে। আশা করি তারা ভবিষ্যতেও তাদের সৎ ও সাহসী মনোভাব বজায় রাখবে।”
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সদ্য বিদায়ী সভাপতি আসহাব লাবিব বলেন, “প্রায় বিশ বছর ধরে চুয়েট সাংবাদিক সমিতি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছে।আজ এই সমিতি নতুন নেতৃত্ব পেয়েছে। নতুন কমিটিকে অভিনন্দন। আমরা চাই বিগত দিনের মতোই চুয়েট সাংবাদিক সমিতি চুয়েটের কথা দেশব্যাপী তুলে ধরবে।”
নবনির্বাচিত সভাপতি আসাদুল্লাহ গালিব চুয়েটনিউজ২৪ কে বলেন, “সত্য, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতাই সাংবাদিকতার মূল শক্তি। চুয়েট সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা, সাফল্য, সমস্যা ও সম্ভাবনাকে নিরপেক্ষভাবে পাঠকের সামনে তুলে ধরার দায়িত্ব পালন করে আসছে। আমরাও সেই ধারাবাহিকতা অটুট রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। একই সঙ্গে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থী, প্রশাসন এবং সাধারণ পাঠকের মধ্যে একটি আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ কৌশিক জানান, “চুয়েট সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই দেশ ও বিশ্ববাসীর সামনে চুয়েটকে তুলে ধরতে ভূমিকা রাখছে।চুয়েটের ভালো খবরগুলোর পাশাপাশি বিভিন্ন গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা চুয়েটের কল্যাণে অবদান রাখছি। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
উল্লেখ্য, চুয়েট সাংবাদিক সমিতি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ অনেক গুলো জাতীয় দৈনিকে সাফল্যের সাথে কাজ করে আসছে।