চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যারিয়ার বিষয়ক সচেতনতামূলক সংগঠন চুয়েট ক্যারিয়ার ক্লাব-এর ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মিরাজুল ইসলাম। পাশাপাশি অর্থ সম্পাদক হিসেবে একই বর্ষের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাদিয়া আক্তার কে নির্বাচিত করা হয়।
গত ৮ জুলাই (বুধবার) পিএমই ভবনের সম্মেলন কক্ষে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ৩৮টি পদের বিপরীতে মোট ৪৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক, ড. জামাল উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.সজল চন্দ্র বণিক সহ সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বর্তমান সদস্যরা।
চুয়েট ক্যারিয়ার ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, “চুয়েট ক্যারিয়ার ক্লাব দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটিও এ ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।”
চুয়েট ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক বলেন, “২০২৪–২৫ কার্যনির্বাহী কমিটি উল্লেখযোগ্য কাজ করেছে। নতুন কমিটিও সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আমার বিশ্বাস।”
নবনির্বাচিত সভাপতি মো. তৌহিদুল ইসলাম চুয়েটনিউজ২৪ কে বলেন,”চুয়েট ক্যারিয়ার ক্লাব সবসময়ই আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এবং দক্ষতা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিগত কমিটি যে চমৎকার সুনাম রেখে গেছেন, তা ধরে রেখে ক্লাবকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।আমার পুরো কমিটিকে সাথে নিয়ে, নতুন নতুন চিন্তা ও কার্যকরী ইভেন্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য কর্পোরেট ও প্রফেশনাল জীবিনের পথকে আরও সহজ করে তুলতে চাই। আমি বিশ্বাস করি, আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসায় আমরা আগামী ১ বছর দারুণ কিছু মাইলফলক অর্জন করতে পারব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম বলেন, “চুয়েট ক্যারিয়ার ক্লাবের সাধারন সম্পাদক এটি আমার কাছে শুধু একটি পদ না, এটা অনেক বড় দায়িত্ব । আমি মনে করি পূর্ববর্তী কমিটির ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান কমিটির প্রত্যেকে একই দল হিসেবে কাজ করে ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম কে আরও প্রসারিত করতে পারব ইনশাল্লাহ।”
উল্লেখ্য, চুয়েট ক্যারিয়ার ক্লাব দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, উচ্চশিক্ষা, দক্ষতা বৃদ্ধি, চাকরির প্রস্তুতি এবং পেশাগত উন্নয়নে বিভিন্ন কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কার্যনির্বাহী কমিটিও এ ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের জন্য আরও যুগোপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণে কাজ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।