চুয়েটনিউজ২৪ ডেস্ক :
চট্টগ্রাম নগরের আগ্রাবাদস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ভবনে প্রকৌশলী ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে গত ৯ জুন দুপুরে নির্বাহী প্রকৌশলী নিলুফা ইয়াসমিনের কার্যালয়ে। অভিযোগ অনুযায়ী, শ্রমিক ইউনিয়ন -সিবিএ এর বর্তমান ও সাবেক নেতাসহ ২০-২৫ জনের একটি দল কার্যালয়ে প্রবেশ করে দৈনিক মজুরিভিত্তিক একজন কর্মী নিয়োগকে কেন্দ্র করে তীব্র বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে প্রকৌশলী ও কর্মকর্তাদের ওপর হামলা এবং হেনস্তার ঘটনায় রূপ নেয়।
প্রকাশিত ভিডিওতে সহকারী প্রকৌশলী মেহেদী হাসান কে শারীরিকভাবে লাঞ্ছিত করার দৃশ্য দেখা যায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী নিলুফা ইয়াসমিন, কর্মকর্তা মো. পারভেজ ও নাসরিন আক্তারসহ আরও কয়েকজন হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে।
সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত পাঁচজন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন লাইনম্যান (বি) নূরুন্নবী, অবসরপ্রাপ্ত কর্মচারী ও সাবেক সিবিএ নেতা গাজী মো. আইয়ুব, লাইনম্যান (এ) শফিকুল ইসলাম, গাড়িচালক মোহাম্মদ আইয়ুব এবং প্ল্যান্ট অপারেটর হাফিজুর রহমান।।
ঘটনার পর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চার কর্মচারীকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলির সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
নির্বাহী প্রকৌশলী নিলুফা ইয়াসমিন জানান, নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপত্তি জানিয়ে একটি দল তার কার্যালয়ে প্রবেশ করে এবং একপর্যায়ে হামলা চালায়। অন্যদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রকৌশলী সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তাদের মতে, কর্মক্ষেত্রে প্রকৌশলী ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।