ফাইয়াজ কৌশিকঃ-
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
গত ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়টির প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেভেল-০১ স্নাতক ভর্তি পরীক্ষার ২য় পর্যায়ের নির্ধারিত তারিখে এক পরীক্ষার্থীর ভর্তি আবেদনপত্রে মেধাক্রম পরিবর্তনের সঙ্গে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে নিশ্চিত হওয়ার পর তার মেধাক্রম বাতিল করা হয় এবং তাকে ভর্তি কার্যক্রম থেকে অযোগ্য ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অনৈতিক ও শাস্তিযোগ্য কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ প্রদান করা হচ্ছে।
এ ব্যাপারে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইন চুয়েটনিউজ২৪ কে জানান, ভর্তির সময় একজন শিক্ষার্থী নিজের মত করে মেধাক্রম নিয়ে এসেছিলো। ওই একই মেরিটের আরও এক শিক্ষার্থী ভর্তির জন্য আসে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে আমরা জালিয়াতির ব্যাপারটি ধরতে পারি। পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত অনুসারে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।