চুয়েটে শুরু হতে যাচ্ছে জয়ধ্বনির রজতজয়ন্তী উৎসব ‘পঁচিশে জয়ধ্বনি’

জারীন তাসমীন সাবা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি তাদের প্রতিষ্ঠার পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে শুরু করতে যাচ্ছে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব ‘পঁচিশে জয়ধ্বনি’। আগামী ৪ ও ৫ ডিসেম্বর সংগঠনের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে এনে এবং সাবেক ও বর্তমান সদস্যদের পুনর্মিলনী আয়োজনের মধ্যদিয়ে এ উৎসব আয়োজিত হবে বলে জানা যায়।

আয়োজকরা জানান, ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা পর্ব অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এ পরিবেশনা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে মঞ্চে উঠবে উস্টিসি, ইউআইইউ এবং কুয়েট। সন্ধ্যায় শুরু হবে সম্মাননা প্রদান পর্ব। এরপর রাত নয়টা থেকে আবার শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। এই পরিবেশনায় আহসানউল্লাহ, বুয়েট এবং শেষ পর্যায়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় অংশ নেবে।

এরপর ৫ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে মিলনোৎসব ও রজতজয়ন্তী। দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে দুপুরে মধ্যাহ্নভোজের মাধ্যমে। এরপর বিকেলে অনুষ্ঠিত হবে ‘জয়ধ্বনি আড্ডা’, যেখানে থাকবে সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলা। আড্ডা শেষে শুরু হবে র‌্যালি ও কেক কাটা। পরবর্তীতে সন্ধ্যায় বর্তমান ও সাবেক সদস্যদের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে।

রাত নয়টা থেকে মঞ্চে উপস্থাপন করা হবে পূর্বে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সেরা ভিডিও কনটেন্ট। এরপর শিক্ষকদের বক্তব্য ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে। সাংস্কৃতিল অনুষ্ঠানে পারফর্ম করবে ব্যান্ডদল- ওয়ারফেজ।