স্নাতক গণিত অলিম্পিয়াডে শীর্ষ ১০ জনের ৪ জনই চুয়েটের

নাজিফা তাসনিম জিফা:

আজ ২৯ নভেম্বর (শনিবার) ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৫ এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থী শীর্ষ দশে স্থান পেয়ে জাতীয়পর্বের জন্য উত্তীর্ণ হয়েছেন।

এতে প্রথম স্থান অর্জন করেছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মুমিনুল ইসলাম, পঞ্চম স্থান অর্জন করেন ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাহাত হোসাইন, সপ্তম স্থান লাভ করেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাবিল ফাহমিদ তন্ময় এবং দশম স্থান অর্জন করেন মেকাট্রনিক্স এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদ বিন মোস্তাফা।

প্রতিযোগিতার শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য অধ্যাপক ড. রুবানা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. রেহেনা নাসরিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. জালাল আহাম্মদ। দিনব্যাপী এ আয়োজনে গণিত র‍্যালি, সমস্যা সমাধান প্রতিযোগিতা, সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

চ্যাম্পিয়ান মোঃ মুমিনুল ইসলাম চুয়েটনিউজ২৪ কে বলেন, “এর আগেও আমি এ প্রতিযোগিতায় অংশ নিয়েছি। তবে এবার প্রথম হতে পেরে ভালো লাগছে। আশা করি সামনে মূল পর্বে আরও ভালো কিছু করতে পারব। “

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় রয়েছে চারটি মূল ক্ষেত্র হলো বীজগণিত, বিশ্লেষণ, বিশ্লেষণাত্মক জ্যামিতি, সমাবেশিকী। এই অলিম্পিয়াডের জাতীয়পর্ব আগামী বছরের ১৬ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন আঞ্চলিক প্রতিযোগিতা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে অংশ নেবে বলে জানা যায়।