চুয়েটনিউজ ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামীকাল ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “National Workshop on Occupational (EHS) and Process Safety 2025” শীর্ষক জাতীয় কর্মশালা। বিশ্ববিদ্যালয়টির পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে পরিবেশ,স্বাস্থ্য ও দুর্ঘটনা নিরাপত্তা বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া এবং এ কে খান এন্ড কোম্পানির ট্রাস্টি সেক্রেটারি সালাহউদ্দিন কাশেম খান; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়টির মেকানিকাল এন্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম, জাতীয় কর্মশালার আহ্বায়ক ও পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুন উর রশীদ সহ আরো অনেকে।
আগামীকাল সকাল ৯.৪৫ মিনিটে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মশালা শুরু হবে। দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠান থেকে আগত ৮ জন অতিথি ৮ টি টেকনিক্যাল বক্তব্য রাখবেন।
কর্মশালায় মোট ১৫০ জন অংশগ্রহণ করার জন্য নিবন্ধন করেছেন। যেখানে দেশের সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮৪ জন শিক্ষার্থী এবং সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ৩১টি শিল্প প্রতিষ্ঠানে কর্মরত ৫৭ জন পেশাদার রয়েছেন। সকল অংশগ্রহণকারীকে সনদ প্রদানের মাধ্যমে সন্ধ্যা ৬ টায় এ কর্মশালা শেষ হবে।
এ বিষয়ে পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, “এই কর্মশালাটি মূলত শিল্প প্রতিষ্ঠান, হেভী ইন্ডাস্ট্রিজ, পেট্রোলিয়াম, গ্যাস, রিফাইনারি, কেমিক্যাল, খনিজ ও প্রক্রিয়াজাত শিল্পে কর্মরত প্রকৌশলী ও ব্যবস্থাপনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা নিরাপত্তা নিশ্চিতকরণের কাজে নিয়োজিত/বিশেষভাবে প্রণীত, যাতে তারা নিরাপত্তা ব্যবস্থাপনা, ঝুঁকি প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং টেকসই শিল্প পরিচালনার আধুনিক কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন।
তিনি আরো বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংগঠিত দুর্ঘটনা, মিরপুর গার্মেন্টস ফ্যাক্টরি অগ্নিকাণ্ড, টঙ্গী কেমিকেল গুদানে আগুন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আগুনের ঘটনা আমাদেরকে আবারো স্মরণ করিয়ে দিয়েছে, কর্মক্ষেত্র নিরাপত্তা এবং প্রক্রিয়াগত নিরাপত্তা ব্যবস্থাপনা এখন কোনো বিকল্প নয়,বরং শিল্প খাতের টিকে থাকার পূর্বশর্ত।
শিল্পখাতের অভ্যন্তরীণ ঝুঁকি চিহ্নিতকরণ, প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ এবং প্রক্রিয়া নিরাপত্তা সংস্কৃতি বিকাশের জন্য এই কর্মশালাটি এক অনন্য প্লাটফর্ম হিসেবে কাজ করবেন এই কর্মশালার অংশগ্রহণকারীরা কেবলমাত্র তাত্ত্বিক জ্ঞান অর্জন করবেন না, বরং শিল্পখাতে বাস্তব সমস্যাগুলোর উপর আলোচনা, দিকনির্দেশনা ও সম্ভাব্য সমাধান সম্পর্কেও ধারণা পাবেন বলে আশা রাখছেন আয়োজকগণ।