জাতীয় মঞ্চে চুয়েটের তরুণ কূটনীতিবীদদের সাফল্য

তানভীর আহমাদঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এনএসটিইউ) আয়োজিত “NSTU Model United Nations 2025” সম্মেলনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) মডেল ইউনাইটেড নেশনস ক্লাব। গত ৯ থেকে ১১ অক্টোবর এনএসটিইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রতিনিধি অংশ নেন।

বিতর্ক, প্রস্তাবনা উপস্থাপন ও নীতিনির্ধারণমূলক আলোচনায় অসাধারণ কূটনৈতিক দক্ষতা দেখিয়ে চুয়েটের প্রতিনিধিরা সবার দৃষ্টি কাড়েন। যুক্তিবোধ, মেধা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে চুয়েটের পাঁচজন প্রতিনিধি দুটি মর্যাদাপূর্ণ “স্পেশাল মেনশন” পুরস্কার অর্জন করেন।

বিশেষ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাঈদ ইফাজ বিন জামাল, যিনি জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন, এবং সাদিয়া মাহমুদ অধরা, যিনি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘে (IUCN) জাপান প্রতিনিধির ভূমিকায় অংশ নেন।

এ ছাড়াও সম্মেলনে চুয়েটের প্রতিনিধিত্ব করেন আসিকুর রহমান রোহান (ফ্রান্স প্রতিনিধি, জাতিসংঘের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কমিশন), শেখ তানজিম আহমেদ দীপ (ভিয়েতনাম প্রতিনিধি, আসিয়ান), আন্দালিব হোসেন গালিব (ফিলিস্তিন প্রতিনিধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ) ও ইসরাত জাহান বুশরা (চীন প্রতিনিধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ)। তারা কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সম্মেলনের কার্যনির্বাহী বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন চুয়েট মডেল ইউনাইটেড নেশনস ক্লাবের সভাপতি সৈয়দ ইফাজ বিন জামাল। নেতৃত্বের ক্ষেত্রেও এ বিষয়টি চুয়েটের সক্ষমতাকে তুলে ধরে।

এমন অর্জনে ক্লাবের সভাপতি সৈয়দ ইফাজ বিন জামাল বলেন, “আমাদের প্রতিনিধিরা অসাধারণ কূটনৈতিক প্রতিভা প্রদর্শন করেছে। তাদের পরিশ্রম ও প্রস্তুতির ফলেই আমরা দুটি ‘স্পেশাল মেনশন’ অর্জন করতে পেরেছি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে তারা আরও বড় সাফল্য বয়ে আনবে।”

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই চুয়েট মডেল ইউনাইটেড নেশনস ক্লাব ধারাবাহিকভাবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কূটনীতি, যুক্তিবাদ ও নেতৃত্বের স্বাক্ষর রেখে আসছে। সাম্প্রতিক এই অর্জন শুধু চুয়েটের নয়, বরং দেশের তরুণ কূটনীতিবিদ তৈরির সম্ভাবনার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।