“চুয়েটে অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী ইটিই উৎসব”

তানবির আহমেদ চৌধুরীঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)  ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইটিই) বিভাগের আয়োজনে শুরু হয়েছে দু’দিনব্যাপী উৎসব ইটিই ইনফিক্সন-২০২৩।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আনন্দ শোভাযাত্রা ও সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং সভাপতিত্ব করেন ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে আমরা এখন ৪র্থ শিল্পবিপ্লবের পথে হাঁটছি। টেলিকমিউনিকেশন সেক্টর এখন অনেক এগিয়ে গেছে। বৈশ্বিক চ্যালেঞ্জের সাথে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ইটিই গ্র্যাজুয়েটদের অবদান রাখতে হবে। মাত্র এক দশকের পথচলায় ইটিই বিভাগ দারুণ সফলতা দেখিয়েছে।বিষয়টা আমাদের জন্য আশাব্যাঞ্জক। আশা করি বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রগতিতে সবাই অবদান রাখবেন।

প্রথম দিনে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় ইটিই বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা।

আজ শুক্রবার অনুষ্ঠানের শেষদিনে রয়েছে দাবা প্রতিযোগিতা, সার্কিট অলিম্পিয়াড, টেলিযোগাযোগ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় সঙ্গিত ব্যান্ড মেট্রোলাইফ এবং জনপ্রিয় সঙ্গিতশিল্পী অর্ঘ্য দেব।